

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মক্কায় অনুষ্ঠিত ৪৬তম বাদশাহ আবদুল আজিজ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় সাফল্য পাওয়া বাংলাদেশের চার হাফেজ দেশে ফিরেছেন। তাদের চারজনই প্রতিযোগিতার বিভিন্ন বিভাগে পুরস্কার অর্জন করেছেন।
শুক্রবার বেলা ১১টা ৪০ মিনিটে সৌদি এয়ারলাইনসের একটি ফ্লাইটে তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। তাদের স্বাগত জানাতে ধর্ম মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তারা বিমানবন্দরে উপস্থিত ছিলেন।
অসুস্থতার কারণে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ নিজে বিমানবন্দরে যেতে পারেননি। তবে বিজয়ীদের স্বাগত জানাতে তার আগ্রহের কথা জানিয়েছেন মন্ত্রণালয়ের কর্মকর্তারা। ধর্মমন্ত্রীর পক্ষ থেকে পুরস্কারজয়ী হাফেজদের অভ্যর্থনা জানানো হয়।
ধর্মমন্ত্রী বলেন, প্রতিযোগিতায় বাংলাদেশের হয়ে অংশ নেওয়া চারজনই পুরস্কার অর্জন করেছেন। তাদের মধ্যে একজন প্রথম এবং তিনজন তৃতীয় স্থান পেয়েছেন। আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় বাংলাদেশের চার প্রতিযোগীর সাফল্য দেশের জন্য গৌরবের বিষয়।
মন্ত্রীর নির্দেশে হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. মো. আয়াতুল ইসলামের নেতৃত্বে ধর্ম মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তারা বিমানবন্দরে উপস্থিত ছিলেন। তাদের সঙ্গে ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মুহাম্মদ মুহিবুল্লাহিল বাকী, ঢাকা হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন এবং ধর্মমন্ত্রীর একান্ত সচিব মো. মাহবুব আলম।
ধর্মমন্ত্রী জানিয়েছেন, দেশে ফেরার পর শিগগিরই চার বিজয়ী হাফেজকে তার দপ্তরে আমন্ত্রণ জানানো হবে।
পাঁচটি বিভাগে অনুষ্ঠিত এবারের আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে ইসলামিক ফাউন্ডেশনের বাছাই করা চারজন প্রতিযোগী অংশ নেন। তাদের প্রত্যেকেই নিজ নিজ বিভাগে সাফল্য অর্জন করেন।
চতুর্থ বিভাগে পুরুষদের মধ্যে প্রথম স্থান অর্জন করেন মুহাম্মদ জাকারিয়া। তার পুরস্কারের অর্থমূল্য এক লাখ ৫০ হাজার সৌদি রিয়াল। একই বিভাগে নারীদের মধ্যে তৃতীয় হন রাবেতা বিনতে রমজান। তিনি পেয়েছেন এক লাখ ৩০ হাজার সৌদি রিয়াল।
তৃতীয় বিভাগে পুরুষদের মধ্যে তৃতীয় স্থান অর্জন করেন শেখ মুহাম্মদ মাহমুদুল হাসান। একই বিভাগে নারীদের মধ্যে তৃতীয় হন মুসফিরা বিনতে মাহমুদ। তারাও প্রত্যেকে এক লাখ ৩০ হাজার সৌদি রিয়াল করে পুরস্কার পেয়েছেন।
চার বিজয়ীর মধ্যে মুহাম্মদ জাকারিয়া নারায়ণগঞ্জের সানারপাড়ের আর-রায়হান ইন্টারন্যাশনাল মাদরাসার শিক্ষার্থী। শেখ মুহাম্মদ মাহমুদুল হাসান আশরাফী পড়াশোনা করেন রাজধানীর ডেমরার মারকাযুল মাদীনা ইন্টারন্যাশনাল মাদরাসায়।
রাবেতা বিনতে রমজান উত্তরার তানযীমুল উম্মাহ গার্লস হিফয মাদরাসার শিক্ষার্থী। আর মুসফিরা বিনতে মাহমুদ পুরান ঢাকার ওয়ারীর সাওদা বিনতে যামআহ আন্তর্জাতিক বালিকা হিফজ মাদরাসায় পড়াশোনা করেন।
গত বুধবার পবিত্র মসজিদুল হারামে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন মক্কা অঞ্চলের ডেপুটি গভর্নর প্রিন্স সাউদ বিন মিশাল। এবারের প্রতিযোগিতার পাঁচটি বিভাগে মোট ৫০ জন প্রতিযোগীকে পুরস্কৃত করা হয়েছে।


