

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ইতালির রোমে শো করতে গিয়ে এক অনাকাঙ্ক্ষিত বিতর্কে জড়ালেন বাংলাদেশের জনপ্রিয় রকস্টার নগর বাউল জেমস ও তার সফরসঙ্গীরা। গত ১৬ আগস্ট রোমে আয়োজিত একটি কনসার্টে অংশ নিতে গিয়ে বেস্ট ওয়েস্টার্ন হোটেলের একটি অ্যাপার্টমেন্টে অবস্থান করছিলেন তারা। অভিযোগ উঠেছে, চেক-আউট করার সময় হোটেল কক্ষটি চরম নোংরা ও বিশৃঙ্খল অবস্থায় ফেলে রেখে গেছেন জেমস ও তার দলের সদস্যরা।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি হোয়াটসঅ্যাপ চ্যাটের স্ক্রিনশট থেকে এই তথ্য জানা গেছে। আয়োজক প্রতিনিধি মোয়াজের কাছে পাঠানো ওই বার্তাগুলোতে ইতালীয় ভাষায় ক্ষোভ প্রকাশ করেছে হোটেল ম্যানেজমেন্ট।
হোটেল কর্তৃপক্ষের পাঠানো বেশ কিছু ছবিতে দেখা যায় কক্ষটির বেহাল অবস্থা। কক্ষের মেঝেজুড়ে অসংখ্য ব্যবহৃত প্লাস্টিকের পানির বোতল ও অন্যান্য বর্জ্য ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখা যায়। এছাড়াও ডাইনিং টেবিলের ওপর পলিথিন ব্যাগ, নোংরা প্লেট এবং প্যাক করা খাবারের উচ্ছিষ্টাংশ ছড়িয়ে রাখা ছিল। রান্নার কিচেন সিঙ্কে নোংরা থালা-বাসনের ওপর কাঁচা ডিম ভেঙে রেখে যাওয়া হয়েছে। ঘরের অন্যান্য অংশেও নোংরা জিনিসের স্তূপ দেখা গেছে।
হোটেল ম্যানেজমেন্ট থেকে পাঠানো বার্তায় বলা হয়, “শুভ সকাল মোয়াজ, এগুলো সেই অতিথিদের অ্যাপার্টমেন্ট, যারা আজ সকালে ছেড়ে গেছে... আমরা কোনো মন্তব্য করব না তবে আপনার দ্রুত প্রতিক্রিয়ার অপেক্ষায় থাকব। যদি আপনি পরবর্তীতে এই সুবিধা ব্যবহার করতে চান, তবে চূড়ান্ত পরিচ্ছন্নতার জন্য ন্যূনতম ২০০ ইউরো পরিশোধ করুন।”
কর্তৃপক্ষ স্পষ্ট বার্তা দিয়েছে, ২০০ ইউরো অতিরিক্ত পরিচ্ছন্নতা ফি বা জরিমানা পরিশোধ না করলে ভবিষ্যতে ওই আয়োজক বা অতিথিদের আর কোনো রুম দেওয়া হবে না।
কক্ষ নোংরা করার পাশাপাশি এই কনসার্টকে কেন্দ্র করে আয়োজক পক্ষ থেকেও জেমসের ম্যানেজার রবিনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ আনা হয়েছে। এই বিষয়ে জেমস বা তার প্রতিনিধির কোনো বক্তব্য এখনো জানা যায়নি।
সোশ্যাল মিডিয়ায় স্ক্রিনশটটি ছড়িয়ে পড়ার পর তা তীব্র সমালোচনার জন্ম দিয়েছে। নেটিজেনরা পাবলিক স্পেস বা হোটেলে অবস্থানকালীন ন্যূনতম নাগরি দায়িত্ব পালন ও পরিচ্ছন্নতা বজায় রাখার ওপর জোর দিচ্ছেন।


