বৃহস্পতিবার
২০ আগস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২০ আগস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশকে সতর্ক করলেন ডোনাল্ড

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৬, ০৯:৫৮ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

ডারউইনে ঐতিহাসিক জয়ের পর দুই ম্যাচের টেস্ট সিরিজ জয়ের দ্বারপ্রান্তে বাংলাদেশ। তবে দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়া আরও শক্তিশালী হয়ে ঘুরে দাঁড়াবে বলে মনে করছেন বাংলাদেশের সাবেক পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড। তার মতে, প্রথম টেস্টের সাফল্যে আত্মতুষ্টিতে না ভুগে একই আগ্রাসী কৌশল নিয়ে মাঠে নামতে হবে বাংলাদেশকে।

ডারউইনে স্বাগতিক অস্ট্রেলিয়াকে হারিয়ে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে বাংলাদেশ। মেকাইয়ে দ্বিতীয় টেস্ট জিততে পারলেই অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ জয়ের নতুন ইতিহাস গড়বে দলটি। তবে ডোনাল্ড মনে করেন, সেই লক্ষ্য অর্জনের পথ মোটেও সহজ হবে না।

দক্ষিণ আফ্রিকার সাবেক এই পেসারের মতে, নিজেদের মাঠে সিরিজ হার এড়াতে দ্বিতীয় টেস্টে সর্বোচ্চ শক্তি নিয়ে মাঠে নামবে অস্ট্রেলিয়া। ফলে প্রথম ম্যাচের জয়ের পর বাংলাদেশের খেলোয়াড়দের মধ্যে যদি কিছুটা রক্ষণাত্মক মানসিকতা তৈরি হয়, সেটিই বড় বিপদের কারণ হয়ে উঠতে পারে।

ডোনাল্ডের ভাষায়, ১-০ ব্যবধানে এগিয়ে থাকার পর বাংলাদেশের মধ্যে সিরিজ অন্তত ড্র করার চিন্তা আসতে পারে। কিন্তু এমন মানসিকতা ভুল হবে। ডারউইনে যে আগ্রাসী কৌশল কাজে দিয়েছে, মেকাইয়ের দ্বিতীয় টেস্টেও সেই পরিকল্পনার ওপরই আস্থা রাখার পরামর্শ দিয়েছেন তিনি।

ডোনাল্ডের মতে, অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্টে তাদের ‘সব অস্ত্র’ নিয়ে মাঠে নামবে। তাই প্রতিপক্ষের পাল্টা আক্রমণের কথা ভেবে পিছিয়ে না গিয়ে নিজেদের পরিকল্পনাতেই অটল থাকতে হবে বাংলাদেশকে।

বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর মানসিকতাও মুগ্ধ করেছে সাবেক এই প্রোটিয়া পেসারকে। অস্ট্রেলিয়া সফরের প্রস্তুতি ম্যাচে মাত্র ৫৪ রানে অলআউট হওয়ার পর ডারউইন টেস্টে দল যেভাবে নিজেদের বদলে ফেলেছে, সেটিকে অসাধারণ প্রতিক্রিয়া হিসেবে দেখছেন তিনি।ট

তিনি বলেন‘৫৪ রানে অলআউট হওয়ার পর মানসিকভাবে ধাক্কা খাওয়াটা স্বাভাবিক। কিন্তু এরপর বাংলাদেশের প্রতিক্রিয়া ছিল দুর্দান্ত।’

বাংলাদেশের পেস আক্রমণ নিয়েও উচ্ছ্বসিত তিনি। বিশেষ করে হাসান মাহমুদের সাম্প্রতিক পারফরম্যান্স নজর কেড়েছে তার। বলের ওপর নিয়ন্ত্রণ, দুই দিকে সুইং এবং নির্দিষ্ট জায়গায় ধারাবাহিকভাবে বল ফেলার দক্ষতাকে হাসানের বড় শক্তি হিসেবে দেখছেন ডোনাল্ড।

কয়েক বছর আগে নেটে প্রথম হাসানকে দেখার স্মৃতিও টেনেছেন তিনি। তখনই তরুণ এই পেসারের মধ্যে সম্ভাবনা দেখেছিলেন বলে জানান ডোনাল্ড। তার চোখে, হাসান এখন দারুণ ছন্দে আছেন এবং বাংলাদেশের পেস আক্রমণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।

ডারউইনে বাংলাদেশের পেসারদের সাফল্যকে শুধু একটি ম্যাচের ঘটনা হিসেবে দেখছেন না ডোনাল্ড। তার মতে, নাহিদ রানা না থাকার পরও এবাদত হোসেন যেভাবে দায়িত্ব সামলেছেন, তাতে বাংলাদেশের বোলিং আক্রমণের গভীরতা স্পষ্ট হয়েছে।

নাহিদ রানা চোটে বাইরে থাকলেও একজন কার্যকর বিকল্প হিসেবে এবাদতকে পাওয়াকে ইতিবাচক দিক হিসেবে দেখছেন ডোনাল্ড। তিনি মনে করেন, পেস বোলিংয়ে এমন বিকল্প তৈরি হওয়া বাংলাদেশের জন্য বড় শক্তি।

ডারউইনের জয়ের পর এখন বাংলাদেশের সামনে সিরিজ জয়ের সুযোগ। তবে ডোনাল্ডের বার্তাটা পরিষ্কার; অস্ট্রেলিয়া এবার আরও শক্তভাবে ফিরবে, তাই প্রথম টেস্টের আত্মবিশ্বাস ধরে রেখেই মেকাইতে নামতে হবে বাংলাদেশকে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank