

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


দেশের সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, কিন্ডারগার্টেন ও ইংরেজি মাধ্যমসহ সব ধরনের প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠানকে সরকারি মনিটরিং ব্যবস্থার আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এতদিন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তদারকি ব্যবস্থা মূলত সরকারি প্রাথমিক বিদ্যালয়কে কেন্দ্র করে পরিচালিত হলেও নতুন নীতিমালায় এর পরিধি আরও বাড়ানো হচ্ছে।
বুধবার (১৯ আগস্ট) চট্টগ্রাম পিটিআই অডিটোরিয়ামে আয়োজিত দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালায় এ তথ্য জানান প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
‘বাংলাদেশের প্রাথমিক শিক্ষায় শ্রেণি কার্যক্রম পরিচালনা, মনিটরিং, জবাবদিহিতা ও স্থানীয় প্রশাসনের প্রতি পরিবর্তিত প্রত্যাশা’ শীর্ষক কর্মশালাটির আয়োজন করে প্রাথমিক শিক্ষা, চট্টগ্রাম বিভাগ।
কর্মশালায় প্রতিমন্ত্রী জানান, দেশের প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও জবাবদিহিতা নিশ্চিত করতে সব ধরনের প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠানকে সরকারি তদারকি ব্যবস্থার আওতায় আনার পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শ্রেণি কার্যক্রম ও শিক্ষা ব্যবস্থাপনায় আরও কার্যকর নজরদারি নিশ্চিত করা হবে।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, শুধু সরকারি প্রাথমিক বিদ্যালয় নয়, দেশের সব প্রাথমিক বিদ্যালয়কে কার্যকর মনিটরিংয়ের আওতায় আনা হবে। মাঠপর্যায়ে বিদ্যালয় পরিদর্শনের মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠানের বাস্তব চিত্র যাচাই করা হবে। এরপর প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
তিনি বলেন, এখন পর্যন্ত ২৫টি উপজেলার বিদ্যালয় পরিদর্শন করে জেলা ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের প্রতিবেদনের সঙ্গে মাঠপর্যায়ের বাস্তব পরিস্থিতির তুলনা করা হয়েছে। এতে শিক্ষার্থীদের মৌলিক শিখন দক্ষতার (এফএলএন) হারে উল্লেখযোগ্য পার্থক্য পাওয়া গেছে।
ববি হাজ্জাজ বলেন, এ ধরনের তথ্যের গরমিল দূর করে বাস্তবভিত্তিক তথ্যের ওপর শিক্ষা প্রশাসন পরিচালনা করতে হবে। নতুন নীতিমালা অনুযায়ী প্রতিটি উপজেলায় শূন্যপদে সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নিয়োগের উদ্যোগ নেওয়া হবে। এর মাধ্যমে মাঠপর্যায়ে তদারকি ও জবাবদিহিতা আরও শক্তিশালী করা হবে।
আগামী বছর স্কুল ফিডিং চালুর পরিকল্পনা
প্রাথমিক শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করতেও উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, আগামী বছর দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কার্যক্রম চালু করার পরিকল্পনা রয়েছে।
একই সঙ্গে শিশুদের মেধা, সৃজনশীলতা ও সাধারণ জ্ঞান বিকাশে জাতীয় পর্যায়ে বড় পরিসরে কুইজ প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনা রয়েছে। এ প্রতিযোগিতা টেলিভিশন অনুষ্ঠান হিসেবেও সম্প্রচারের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
সরকারের নতুন এ উদ্যোগ বাস্তবায়িত হলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশাপাশি কিন্ডারগার্টেন ও ইংরেজি মাধ্যমসহ অন্যান্য প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠানও সরকারি তদারকির আওতায় আসবে।


