শনিবার
১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

স্বাস্থ্য খাতে জরুরি অবস্থা জারি করা উচিত: নাহিদ ইসলাম

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ১৬ মে ২০২৬, ০৮:৪৭ পিএম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম
expand
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম

হামে চারশ’র বেশি শিশুর মৃত্যু সরকারের ব্যর্থতার ফল। সরকার শুধু অন্তর্বর্তী সরকারের ওপর দায় চাপিয়ে নিজের দায় এড়াতে চাইছে। এই মুহূর্তে স্বাস্থ্য খাতে জরুরি অবস্থা জারি করা উচিত বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

শনিবার (১৬ মে) রাজধানীর তোপখানা রোডে বিএমএ মিলনায়তনে এনসিপির যুব উইং জাতীয় যুবশক্তির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, সরকার প্রথম থেকেই সংসদকে কার্যকর করতে ব্যর্থ হয়েছে। শুধু পিআর স্ট্র্যাটেজি দিয়ে দেশ পরিচালনা সম্ভব নয়। জনগণের সঙ্গে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে হবে। বাংলাদেশকে একসময় ভারতের মুখাপেক্ষী করে ফেলা হয়েছিল। এই সরকারও যদি কারও মুখাপেক্ষী হয়, তাহলে জনগণ তা মেনে নেবে না।

তিনি আরও বলেন, বর্তমান সরকারের পররাষ্ট্রনীতি বাংলাদেশের স্বার্থে পরিচালিত হবে—এটা তিনি বিশ্বাস করতে চান। তবে এ বিষয়ে এখনো পরিষ্কার অবস্থান দেখা যায়নি।

স্বাস্থ্য ব্যবস্থাপনা নিয়ে তিনি বলেন, দেশে বর্তমানে স্বাস্থ্য খাতে বড় সংকট চলছে, কিন্তু সরকার তা কার্যকরভাবে সমাধান করতে পারছে না।

নাহিদ ইসলাম অভিযোগ করেন, ভারতের পক্ষ থেকে নদীতে বাঁধ দিয়ে বাংলাদেশকে ন্যায্য পানির হিস্যা থেকে বঞ্চিত করা হচ্ছে। এ বিষয়ে নতুন চুক্তির মাধ্যমে পানির ন্যায্য অধিকার নিশ্চিত করার দাবি জানান তিনি। পাশাপাশি যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া বাণিজ্য চুক্তি সংসদে আলোচনায় না আনার বিষয়েও প্রশ্ন তোলেন।

নাহিদ ইসলাম বলেন, সরকারের পারফরম্যান্সের ওপর নির্ভর করবে মধ্যবর্তী নির্বাচন প্রয়োজন হবে কিনা। তিনি অভিযোগ করেন, সংস্কার কার্যক্রমের সঙ্গে জনগণের সঙ্গে বর্তমান সরকার বিশ্বাসঘাতকতা করেছে এবং গুরুত্বপূর্ণ সব অধ্যাদেশ বাতিল করা হয়েছে।

তিনি বলেন, যুবকদের জন্য দেওয়া প্রতিশ্রুতি সরকার পূরণ করতে পারেনি। এক কোটি কর্মসংস্থান তৈরির ঘোষণার কোনো বাস্তব অগ্রগতি দেখা যাচ্ছে না।

জাতীয় যুবশক্তির সভাপতি অ্যাডভোকেট তারিকুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন এনসিপির সাধারণ সম্পাদক আখতার হোসেনসহ কেন্দ্রীয় নেতারা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন