বৃহস্পতিবার
২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

পুনর্গঠন হচ্ছে গণঅধিকার পরিষদ, সন্মানজনক পদে নুরকে রাখার চেষ্টা 

মো. ইলিয়াস
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৬, ০৮:০৮ পিএম আপডেট : ২২ এপ্রিল ২০২৬, ০৮:৩২ পিএম
ছবি: এনপিবি নিউজ
expand
ছবি: এনপিবি নিউজ
  • গণঅধিকার পরিষদে আসছে বড় রদবদল
  • তৈরি হচ্ছে নতুন পদ-পদবি
  • সংশোধন করা হবে গঠনতন্ত্র

গণঅধিকার পরিষদে শিগগিরই আসছে বড় ধরনের সাংগঠনিক রদবদল। দলটির কেন্দ্রীয় নেতৃত্ব থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত কাঠামো ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে অঙ্গ সংগঠনের মধ্য দিয়ে পুনর্গঠনের কাজ শুরু হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, রাজনৈতিক বাস্তবতা, নির্বাচন-পরবর্তী পরিস্থিতি এবং অভ্যন্তরীণ মতপার্থক্য কাটিয়ে সংগঠনকে আরও শক্তিশালী করতেই এই রদবদলের পরিকল্পনা নিয়েছে দলটি। বিশেষ করে বিগত সময়ে দল থেকে কিছু নেতার পদত্যাগ, দলীয় বিভক্তি এবং সাংগঠনিক দুর্বলতা কাটিয়ে উঠতে নেতৃত্বে পরিবর্তনের ওপর জোর দেওয়া হচ্ছে।

জানা গেছে, দল পুনর্গঠন করতে একটি কমিটিও গঠন করেছে গণঅধিকার পরিষদ। ইতোমধ্যে যুব অধিকার পরিষদ ও পেশাজীবী অধিকার পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে। অঙ্গ সংগঠনগুলোর পুনর্গঠনের কাজ শেষ করেই মূল দল ঢেলে সাজানো হবে।

সূত্র জানায়, গণঅধিকার পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে আসতে পারে পরিবর্তন। দলটির সভাপতি নুরুল হক নুর বিএনপি জোট থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন করে এমপি এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হয়েছেন। এছাড়া নির্বাচন পূর্বে সাধারণ সম্পাদক মোঃ রাশেদ খান গণঅধিকার পরিষদ থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দিয়ে ধানের শীষ প্রতিকে নির্বাচন করেছেন।

দলটির কয়েকজন নেতা জানান, দলটির সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগ করা রাশেদ খানের দলে ফেরার পক্ষে কেউ কেউ মত দিলেও অনেকেই রয়েছে এর বিপক্ষে। রাশেদ খান গণঅধিকার পরিষদ থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দিয়ে ধানের শীষ প্রতীকে নির্বাচন করেছেন। এখন আবার দলে ফিরলে মানুষ হাসাহাসি করবে এমনটাই মনে করছেন তারা। তবে দলে ফেরার বিষয়ে জানতে চাইলে এবিষয়ে রাশেদ খান কোনো কথা বলেননি।

এদিকে প্রতিমন্ত্রীর পদে থেকে নুরুল হক নুর দলীয় প্রধানের দায়িত্ব পালন করতে পারবেন কি-না এবিষয়ে চলছে ব্যাপক আলোচনা। দলটির নেতারা মনে করছেন প্রতিমন্ত্রীর পদে থেকে তার পক্ষে দলীয় প্রধানের দায়িত্ব পালন করা সম্ভব নয়। তাই তাকে সম্মান জনক একটি পদে রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এজন্য নতুন কিছু পদ তৈরির আলোচনা হয়েছে। নতুন পদ তৈরির জন্য গঠনতন্ত্রেও কিছু পরিবর্তনের সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছি দলটির নেতারা।

গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ এনপিবি নিউজকে বলেন, দ্রুতই দল পুনর্গঠন করা হবে। পুনর্গঠন করার জন্য একটি কমিটিও গঠন করা হয়েছে। ইতোমধ্যে পুনর্গঠনের কাজ শুরু হয়েছে। অঙ্গসংগঠনগুলো পুনর্গঠন শেষ হলে মূল দলের পুনর্গঠন করা হবে।

গণঅধিকার পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাসান আল মামুন এনপিবি নিউজকে বলেন, যারা নিষ্ক্রিয় রয়েছেন তাদেরকে বিভিন্ন উপকমিটিতে ভাগ করে দেওয়া হবে। এছাড়া যারা সক্রিয় রয়েছেন তাদের সমন্বয়ে সাংগঠনিক টিম তৈরি করা হবে।

আল মামুন জানান, মুখপাত্র, নির্বাহী সভাপতি নামে নতুন কিছু পদ তৈরি করা হবে। এছাড়া নতুন করে স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত করবে সংগঠনটি। তাই গঠনতন্ত্রেও সংশোধন করা হবে। এদিকে নুরুল হক নুরকে নির্বাহী সভাপতির পদে রাখার একটি পরিকল্পনা রয়েছে সংগঠনের।

রাশেদ খানের দলে ফেরার বিষয়ে তিনি বলেন, সে দলে আসবে। সে দলে ফিরবে হয়ত একটু সময় নেবে। সে দলে ফিরতে চাইলে সব সময় ওয়েলকাম। সে যেহেতু দল প্রতিষ্ঠাতাদের মধ্যে একজন, তাই সে যে-কোনো মুহূর্ত দলে ফিরতে পারেন।

গণঅধিকার পরিষদের মুখপাত্র (উচ্চতর পরিষদের সদস্য ও সিনিয়র সহসভাপতি পদমর্যাদা) ফারুক হাসান এনপিবি নিউজকে বলেন, মানদণ্ড সামনে রেখে দলের পুনর্গঠন করা হবে। নিষ্ক্রিয়দের দল থেকে সরিয়ে সক্রিয়দের দলে জায়গা দেওয়া হবে। আপাতত পুনর্গঠন করে পরবর্তীতে কাউন্সিল করা হবে।

দলটির বর্তমান সভাপতি নুরুল হক নুর দায়িত্বে থাকবেন কিনা জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে কথাবার্তা হচ্ছে, সিদ্ধান্ত হলে জানতে পারবেন।

এছাড়া দলটির সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খান দলে ফিরবেন কিনা এমন প্রশ্নের জবাবে ফারুক হাসান বলেন, গণঅধিকার পরিষদে তার ফেরার কোনো সম্ভাবনা নেই। সে আসতে চাইলেও তাকে দলে নেওয়ার সুযোগ নেই। সে দল থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দিয়েছেন। এখন তার দলে ফেরার বিষয়ে আলোচনা হয়েছে সেখানে অনেকে দ্বিমত পোষণ করেছেন। তিনি দল ছেড়ে বিএনপিতে যোগ দিয়েছেন এখন আবার দলে আসলে অনেকে হাসাহাসি করবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন