

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রাজধানী থেকে চট্টগ্রাম অভিমুখে ১১ দলীয় জোটের লংমার্চে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী আওয়ামী লীগ নেতার প্রাডো গাড়ি ব্যবহার করেছেন বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী রাশেদ খান।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী প্রশ্ন তুলে বলেন, ‘আওয়ামী লীগ নেতাকে নিরাপত্তা দেওয়ার কারণে গাড়িটি উপহার দেওয়া হয়েছে, নাকি আওয়ামী লীগের সম্পদ দখলের উদ্দেশ্যে গাড়িটি নেওয়া হয়েছে।’
শনিবার (০৬ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব অভিযোগ করেন তিনি।
পোস্টে রাশেদ খান বলেন, ‘মন্ত্রীপাড়ায় এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের বাড়িতে আলোচনার সময় নাসিরউদ্দিন পাটোয়ারী আওয়ামী লীগের বাড়িঘর ও ধনসম্পদ দখলের কথা বলতেন। আজ তার কিছুটা নমুনা পাওয়া গেলো।’
তিনি আরও অভিযোগ করেন, ‘গতকাল (শুক্রবার ০৫ সেপ্টেম্বর) রাজধানী থেকে চট্টগ্রাম অভিমুখে ১১ দলীয় জোটের লংমার্চে আওয়ামী লীগ নেতার প্রাডো গাড়িতে করে ‘লং ড্রাইভ’ করেছেন নাসিরউদ্দিন পাটোয়ারী।’
রাশেদ খান প্রশ্ন তোলেন, আওয়ামী লীগ নেতাকে নিরাপত্তা দেওয়ার কারণে গাড়িটি উপহার দেওয়া হয়েছে, নাকি আওয়ামী লীগের সম্পদ দখলের খায়েশ থেকে গাড়িটিও দখল করা হয়েছে, তা খতিয়ে দেখা দরকার।
১১ দলীয় জোটের লংমার্চের উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী বলেন, ‘লংমার্চের কর্মসূচিতে আওয়ামী লীগের বিরুদ্ধে কিংবা গণহত্যার বিচারের দাবিতে কোনো বক্তব্য ছিল না। লংমার্চের উদ্দেশ্য ছিল শেখ হাসিনাকে ডিসেম্বরে ফিরিয়ে আনার প্রেক্ষাপট তৈরি করা।’
এ ছাড়া লংমার্চে উসকানিমূলক স্লোগান এবং লাঠিসোঁটা নিয়ে লোকজন যাওয়ার অভিযোগও করেন তিনি। তবে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এতে পা দেননি বলে দাবি করেন রাশেদ খান।
শেষে এনসিপি এ বিষয়ে কোনো দলীয় ব্যবস্থা নেয় কি না, তা দেখার কথাও পোস্টে উল্লেখ করেন তিনি।


