সোমবার
০৩ আগস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
০৩ আগস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

যুবদল নেতা ইউসুফ হত্যার চাঞ্চল্যকর তথ্য দিলেন আরেক যুবদল নেতা

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ২৯ জুলাই ২০২৬, ০৪:১৩ পিএম আপডেট : ২৯ জুলাই ২০২৬, ০৪:২৭ পিএম
কাফরুল থানা যুবদলের সদস্যসচিব হাফিজুল ইসলাম বাবু
expand
কাফরুল থানা যুবদলের সদস্যসচিব হাফিজুল ইসলাম বাবু

রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলিতে যুবদল কর্মী ইউসুফ নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে পরিকল্পিত হামলার অভিযোগ তুলেছেন কাফরুল থানা যুবদলের সদস্যসচিব হাফিজুল ইসলাম বাবু। তার দাবি, ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করায় এ হামলা চালানো হয়।

বুধবার (২৯ জুলাই) রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।

হাফিজুল ইসলাম বাবু বলেন, গত শুক্রবার (২৪ জুলাই) রাতে রাজধানীর মিরপুর এলাকায় সশস্ত্র হামলার ঘটনায় কাফরুল থানা যুবদলের কর্মী ইউসুফ নিহত হন। এ সময় আরও দুজন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। এ ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে এবং আইন-শৃঙ্খলা বাহিনী এরইমধ্যে আটজনকে গ্রেফতার করেছে।

তিনি দাবি করেন, ‘ওই হামলার মূল লক্ষ্য ছিলাম আমি। আমাকে চিরতরে সরিয়ে দিতে ২৫ লাখ টাকার বিনিময়ে ভাড়াটে শুটার নিয়োগ করা হয়েছিল। কিন্তু অলৌকিকভাবে আমি বেঁচে যাই।’

হাফিজুল ইসলাম বাবু বলেন, গত সোমবার (২৭ জুলাই) ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) এক সংবাদ সম্মেলনে স্থানীয় আধিপত্য বিস্তার, ময়লার টেন্ডার, ফুটপাত, ডিস-ইন্টারনেট ব্যবসা ও জমি দখলকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে দাবি করেছে। তবে এসব বক্তব্যের সঙ্গে প্রকৃত ঘটনার কোনো মিল নেই।

তার ভাষ্য, আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে ৪ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করায় তাকে হত্যার পরিকল্পনা করা হয়।

তিনি অভিযোগ করেন, ‘আমি যাতে নির্বাচনে অংশ নিতে না পারি, সেই উদ্দেশ্যে পরিকল্পিতভাবে আমাকে হত্যার নীলনকশা করা হয়। মূল চক্রান্তকারী আড়ালে থেকে হাফিজুর রহমান হাফিজ (সিএনজি হাফিজ)কে সামনে রেখে কিলিং মিশন পরিচালনা করেছে। ব্যবসায়িক দ্বন্দ্ব ও আধিপত্যের গল্প সাজিয়ে প্রকৃত ঘটনা ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা চলছে।’

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন