শনিবার
০৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
০৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই আন্দোলনে আজকের বিরোধী দল কোথায় ছিলো, প্রশ্ন এ্যানির 

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ২৮ জুলাই ২০২৬, ০২:০৭ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, জুলাই আন্দোলনে আজকের বিরোধী দল কোথায় ছিলো? গত ১৭ বছর কোথায় ছিলো? এসব তো প্রশ্নের বিষয়। আমরা তো জোট করেছি, যুগপৎ আন্দোলন করেছি। ৫ আগস্টের পর তারা বলে যে, বিরোধী দল নাকি একাই আন্দোলন করেছে! এ কথা তো অনস্বীকার্য যে, একটা অভ্যুত্থানের তো ভিত্তি লাগে। সেই ভিত্তি ছিলো বিএনপির ১৭ বছরের আন্দোলন।

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘ন্যায়ভিত্তিক বৈষম্যহীন সমাজ গঠনে বিভাজন নয় ঐক্য’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে আমরা বাংলাদেশী নামের একটি সংগঠন।

তিনি বলেন, কোনো গণঅভ্যুত্থান হঠাৎ করে সৃষ্টি হয় না। এর পেছনে দীর্ঘদিনের রাজনৈতিক আন্দোলন ও জনসম্পৃক্ততা থাকে। তাঁর দাবি, সেই ভিত্তি তৈরি হয়েছিল বিএনপির দীর্ঘ আন্দোলনের মাধ্যমে।

বক্তব্যে আওয়ামী লীগ প্রসঙ্গও তুলে ধরে এ্যানি বলেন, সব আওয়ামী লীগ তো পালিয়ে যায়নি। সবার মামলাতো একরমক না। বিরোধী দল সংসদে বলছে- তারা নাকি ভালো আওয়ামী লীগকে সঙ্গে নিবে। এটা নিয়ে তো বিভেদের শুরু।

বিরোধী দলের সমালোচনা করে তিনি বলেন, অতীতের বিভিন্ন রাজনৈতিক আন্দোলনে তাদের দৃশ্যমান ভূমিকা ছিল না। সাম্প্রতিক জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি দাবি করেন, কয়েকটি আসনে বিএনপির একাধিক প্রার্থী এবং প্রবাসী ভোটে দুর্বলতার কারণে প্রতিদ্বন্দ্বীরা সুবিধা পেয়েছে। ভবিষ্যতে এসব বিষয়ে আরও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

সরকারের কার্যক্রম নিয়ে এ্যানি বলেন, বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের মাত্র পাঁচ মাস হয়েছে। এই সময়ে সব সমস্যার সমাধান সম্ভব না হলেও সরকার বিভিন্ন খাতে কাজ শুরু করেছে। প্রধানমন্ত্রী দেশের উন্নয়ন ও জনগণের প্রত্যাশা পূরণে নানা উদ্যোগ নিয়েছেন বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, দীর্ঘ সময়ের অনিয়ম, দুর্নীতি ও লুটপাটের প্রভাব এখনো দেশের অর্থনীতি ও উন্নয়নে চ্যালেঞ্জ তৈরি করছে। জনসংখ্যা বৃদ্ধি এবং সীমিত ভূমির মতো বাস্তবতাকে সামনে রেখে পরিকল্পিত উন্নয়ন প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি।

এসময় ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে বিরোধী দলের নেতাকর্মীদের ওপর ডিবি পুলিশের মাত্রাতিরিক্ত নির্যাতনের কথা তুলে ধরেন শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

আমরা বাংলাদেশি সংগঠনের সমন্বয়ক সৈয়দ এহসানুল হুদার সভাপতিত্বে ও নির্বাহী সদস্য তমিজ উদ্দিন টিটুর পরিচালনায় আলোচনা সভায় আরো বক্তব্য দেন লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য শাহাদাত হোাসেন সেলিম, প্রধানমন্ত্রী রাজনৈতিক সহকারী রাশেদ খান, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ প্রমুখ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন