

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সংবিধান সংস্কার এবং জুলাই সনদ নিয়ে জনগণকে ভুল বোঝানো হচ্ছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে জামায়াতে ইসলামীর বর্তমান তৎপরতাকে দেশকে অস্থির করার চেষ্টা করা হচ্ছে বলেও মনে করেন তিনি।
শনিবার (২ মে) দুপুরে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ডা. মো. আবদুল কুদ্দুসের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, যারা নির্বাচিত হবেন তারা সংবিধান সংস্কার পরিষদ করবেন এমন সিদ্ধান্তে বিএনপি কখনোই একমত ছিলো না। এরা জনগণকে ভুল বোঝাচ্ছে। জামায়াত আন্দোলন করছে দেশকে আবার অস্থির করতে।
বিগত ১৫ বছরের শাসনের ফলে দেশের নৈতিক অবক্ষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করে মির্জা ফখরুল বলেন, ফ্যাসিস্ট যে সমাজ রেখে গেছে, তা পুরো এথিক্স থেকে সরে গেছে। আমরা এখন সরকারের ভেতর যতোই ঢুকছি, ততোই আতঙ্কিত হচ্ছি। গত ১৫ বছরে যে তদবিরের প্রচলন চলেছে, সেই ধ্বংসপ্রাপ্ত ব্যবস্থা কীভাবে ঠিক করব সেটিই বড়ো চ্যালেঞ্জ।
তিনি উল্লেখ করেন, দেশ এখন ৮০ লাখ কোটি টাকা দেনাগ্রস্ত, এই সঙ্কট থেকে উত্তরণে সবাইকে মিলে কাজ করতে হবে।
জুলাই সনদ প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, এই সনদ গঠনের সময় আমরা ছিলাম। তখন বলা হয়েছিলো সবকিছু ঐক্যমত্যের ভিত্তিতে হবে, নতুবা আমরা তা বাদ দেবো। কিন্তু এখন বলছে পুরো সনদই বাস্তবায়ন করতে হবে।
স্মরণসভায় দলের নাম ভাঙিয়ে নতুন সংগঠন খোলার কঠোর সমালোচনা করে তিনি বলেন, কষ্ট পাই যখন দেখি সব জায়গায় জিয়া পরিষদের দোকান খোলা হচ্ছে। আমাদের অনেক অঙ্গসংগঠন আছে, আর বাড়তির দরকার নেই। আমাদের এখন ভালো গবেষক প্রয়োজন। জিয়াউর রহমানের ওপর গবেষণা হলে আমি খুশি হতাম।
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সততার উদাহরণ টেনে তিনি আক্ষেপ করে বলেন, সততা ছাড়া ভালো কাজ হয় না। বর্তমানে বাংলাদেশে মসজিদ-মন্দির নির্মাণেও সবচেয়ে বেশি দুর্নীতি হয়। বিশ্ব প্রেক্ষাপটে টিকে থাকতে হলে মেধার চর্চা বাড়ানোর তাগিদ দেন তিনি।
স্মরণসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। এছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা সভায় অংশ নেন।
মন্তব্য করুন