

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


আলজেরিয়ার বিপক্ষে বিশ্বকাপে লিওনেল মেসির হ্যাটট্রিকের পর ফুটবল বিশ্ব যখন তার বন্দনায় ব্যস্ত, তখন সেই তালিকায় যোগ দিলেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। তবে প্রশংসার পাশাপাশি মেসিকে নিয়ে তার মন্তব্যে ছিল হালকা রসিকতার ছোঁয়াও।
জেনেভায় এক সংবাদ সম্মেলনে লুলা বলেন, ‘আমি মেসিকে ব্রাজিলের হয়ে খেলানোর জন্য চুক্তি করার কথাও ভেবেছিলাম।’ একথা বলেই অবশ্য হাসিতে ফেটে পড়েন তিনি। তার এই মন্তব্য মুহূর্তেই আন্তর্জাতিক গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে মেসির তিন গোলেই ৩-০ ব্যবধানে জয় পায় আর্জেন্টিনা। সেই পারফরম্যান্স তাকে আবারও বিশ্ব ফুটবলের কেন্দ্রবিন্দুতে নিয়ে আসে। শুধু ক্রীড়াঙ্গনেই নয়, রাজনৈতিক অঙ্গনেও তার প্রভাব ছড়িয়ে পড়তে দেখা যায়।
লুলা দা সিলভা পরে পরিষ্কার করেন, তার মন্তব্যটি সম্পূর্ণই হাস্যরসের অংশ। তবে মেসির পারফরম্যান্স যে বিশ্বজুড়ে আলোড়ন তুলেছে, তা স্বীকার করতে কোনো দ্বিধা করেননি তিনি।
অন্যদিকে, বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ব্রাজিল মরক্কোর বিপক্ষে ১-১ গোলে ড্র করে কিছুটা অস্বস্তিতে শুরু করেছে। দলীয় পারফরম্যান্স নিয়ে শুরু হয়েছে আলোচনা-সমালোচনাও।
এই প্রসঙ্গে ব্রাজিলের প্রেসিডেন্ট বলেন, ‘স্পেনও তাদের প্রথম ম্যাচে কেপ ভার্দের সঙ্গে ড্র করেছে, যা আমাদের চেয়েও খারাপ ফল। ব্রাজিল যখন আন্ডারডগ হিসেবে বিবেচিত হয়, তখনই দলটি সবচেয়ে ভালো পারফরম্যান্স করে।’
এদিকে ব্রাজিল শিবিরে সবচেয়ে বড় আলোচনার নাম নেইমার। দীর্ঘদিন ইনজুরি ও অনিশ্চয়তার পর তিনি আবারও জাতীয় দলে ফিরেছেন এবং দলের সঙ্গে অনুশীলন শুরু করেছেন। তবে টুর্নামেন্টে তার মাঠে ফেরার সময় এখনো নিশ্চিত নয়।
আগামী শনিবার বাংলাদেশ সময় ভোর সাড়ে ৬টায় হাইতির বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। সেই ম্যাচ ঘিরে সমর্থকদের নজর এখন নেইমারের সম্ভাব্য প্রত্যাবর্তন ও দলের ঘুরে দাঁড়ানোর দিকে।
