

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বরিশাল সফরের দিনক্ষণ নির্ধারিত হয়েছে। আগামী ৪ ফেব্রুয়ারি তিনি বরিশালে আয়োজিত এক নির্বাচনী জনসভায় অংশ নেবেন।
বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ৪ ফেব্রুয়ারি দুপুরের দিকে বরিশাল নগরীর ঐতিহাসিক বেলস্ পার্ক মাঠে অনুষ্ঠিত জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন দলের চেয়ারম্যান তারেক রহমান।
শিরিন আরও বলেন, রাজনৈতিক সফরের সময়সূচি নির্ধারণকারী সংশ্লিষ্ট সূত্র থেকে ২৯ জানুয়ারি গভীর রাতে ফোনের মাধ্যমে তিনি সফরসূচি সম্পর্কে নিশ্চিত হন। নির্ধারিত তারিখ অনুযায়ী তারেক রহমান যশোর হয়ে বরিশালের উদ্দেশ্যে যাত্রা করবেন। তবে তিনি আকাশপথে আসবেন কিনা, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
এদিকে, বরিশাল বিভাগের ২১টি সংসদীয় আসনের মনোনীত প্রার্থী, বিভাগীয় নেতৃবৃন্দ এবং বরিশাল মহানগরসহ বিভাগের আট জেলার নেতাদের প্রস্তুত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
উল্লেখ্য, এর আগে ২৬ জানুয়ারি বরিশাল সফরের কথা থাকলেও তা পরিবর্তন করে ২৭ জানুয়ারি নির্ধারণ করা হয়। পরবর্তীতে ওই তারিখও বাতিল হয়ে যায় এবং নতুন দিন ঘোষণা করা হয়নি। অবশেষে এবার সফরের চূড়ান্ত তারিখ নির্ধারিত হলো।
প্রসঙ্গত, সর্বশেষ ২০০৬ সালে তারেক রহমান বরিশাল সফরে গিয়েছিলেন। সে সময় তিনি বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিবের দায়িত্বে ছিলেন। প্রায় দুই দশক পর দলীয় চেয়ারম্যান হিসেবে তার বরিশাল সফরকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
মন্তব্য করুন

