রবিবার
০১ ফেব্রুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
০১ ফেব্রুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপি জোট প্রার্থী ভোটারদের টাকা দেওয়ায় ব্যবস্থা নিলো নির্বাচন কমিশন

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৬, ০৮:৪৭ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

আচরণবিধির ব্যত্যয় ঘটিয়ে স্থানীয় ভোটারদের টাকা বিতরণের ঘটনায় জরিমানার সম্মুখীন হয়েছেন বিএনপি মনোনীত জোট প্রার্থী মুফতি মনির হোসেন কাশেমি। আজ নারায়ণগঞ্জ-৪ আসনে নারী ভোটারদের মাঝে প্রকাশ্যে টাকা বিতরণ করায় বাংলাদেশ জমিয়ত উলামায়ে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব মুফতি মনির হোসেন কাসেমীকে দেড় লাখ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। তিনি এ আসনে বিএনপি নেতৃত্বাধীন জোটের মনোনয়ন পেয়ে খেজুর গাছ মার্কায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আজ শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে ফতুল্লার দেলপাড়া এলাকায় লিটল জিনিয়াস স্কুলের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হাজির হন তিনি। এসময় পুরস্কার বিতরণকালে স্কুলের নির্ধারিত পুরস্কারের পাশাপাশি নিজের পকেট থেকে দুই হাজার টাকা করে বের করে তুলে দেন। সেই সঙ্গে টাকা দেওয়ার সময়েও ভোট প্রার্থনা করেন তার অনুসারীরা।

এদিকে এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালতে অভিযান পরিচালনা করে মুফতি মনির হোসেন কাসেমীর প্রতিনিধিকে এক লাখ ৫০ হাজার জরিমানা করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নুর এনপিবি নিউজকে বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানকে ব্যবহার করে নির্বাচনী প্রচারণা করে যা আচরণবিধি লঙ্ঘন। আমরা ঘটনাস্থলে গিয়ে দোষ স্বীকারোক্তির ভিত্তিতে উপস্থিত প্রতিনিধিকে এক লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছি। সেই সঙ্গে আচরণবিধি অনুসরণের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

এর আগে এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই নিন্দার ঝড় উঠে। একদিকে স্কুল চলাকালীন সময়ে কোনো প্রার্থী স্কুলে উপস্থিত হয়ে ভোট চাওয়া কিংবা নির্বাচনী প্রচার প্রচারণা করতে পারেন না। এটি আচরণবিধি লঙ্ঘন। অন্যদিকে টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা গুরুত্বর অপরাধ।

সহকারী রিটার্নিং কর্মকর্তা আলমগীর হোসেন গণমাধ্যমকে বলেন, ‘কেউ যদি টাকা বিতরণ করে তাহলে সেটা তো অপরাধ। বিষয়টি খোঁজ খবর নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।‘

তবে এ বিষয়ে বিএনপি জোট সমর্থিত প্রার্থী মুফতি মনির হোসেন কাসেমীর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোনকল রিসিভ করেননি। পরবর্তীতে তার পক্ষ থেকে একজন ফোন করে নাম-পরিচয় প্রকাশ না করে প্রতিবেদককে বলেন, 'স্কুল কর্তৃপক্ষ পুরস্কার হিসেবে সামান্য প্লেটের ব্যবস্থা করে। এই অবস্থায় তিনি মানবিক দিক থেকে কিছু টাকা উপহার দেন। এটি নির্বাচন সংশ্লিষ্ট কোনো বিষয় ছিল না। তবুও ম্যাজিস্ট্রেট মহোদয় আমাদের জরিমানা করেছেন। আমরা তা মেনে নিয়েছি।'

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X