বৃহস্পতিবার
১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন দায়িত্বে হুইপ দুলু

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৫ পিএম
ছবি: সংগৃহীত
expand

ত্রয়োদশ জাতীয় সংসদে নতুন করে গঠিত পাঁচটি সংসদীয় স্থায়ী কমিটির মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে নাটোর-২ আসনের চারবারের নির্বাচিত সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে।

মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) জাতীয় সংসদে চিফ হুইপ মো. নুরুল ইসলাম মনি পাঁচটি সংসদীয় স্থায়ী কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেন। পরে কণ্ঠভোটে প্রস্তাবগুলো পাস হয়।

এর মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদে এ পর্যন্ত গঠিত সংসদীয় স্থায়ী কমিটির সংখ্যা দাঁড়িয়েছে ৪৫টিতে। নতুন গঠিত পাঁচটি কমিটির মধ্যে রয়েছে সমাজকল্যাণ, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান, রেলপথ, বিজ্ঞান ও প্রযুক্তি এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়া এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু নাটোর-২ আসনের চারবারের নির্বাচিত সংসদ সদস্য। স্কুলজীবন থেকেই তিনি ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত হন। ১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলনেও তিনি সক্রিয় ভূমিকা পালন করেন।

১৯৯৬, ২০০১ এবং ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ সালে বিএনপি সরকার গঠন করলে রুহুল কুদ্দুস তালুকদার দুলু উপমন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় দায়িত্ব পান। ওই সময়ে নিজ এলাকায় বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করেন তিনি।

ওয়ান-ইলেভেনের সময় থেকে রাজনৈতিক জীবনে নানা প্রতিকূলতার মুখোমুখি হন দুলু। তার বিরুদ্ধে একের পর এক মামলা দায়ের করা হয়। ২০০৮ সালের নির্বাচনের পর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলে তার বিরুদ্ধে মামলা ও হয়রানির মাত্রা আরও বেড়ে যায় বলে দলীয় সূত্রে জানা যায়। একপর্যায়ে তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলার সংখ্যা ১৪৭টিতে দাঁড়ায়।

বিভিন্ন মামলায় মোট প্রায় পাঁচ বছর কারাগারেও ছিলেন বিএনপির এই নেতা।

নতুন দায়িত্বে এখন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের কার্যক্রম, নীতি ও বিভিন্ন কর্মসূচির ওপর সংসদীয় তদারকিতে নেতৃত্ব দেবেন এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank