বৃহস্পতিবার
১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ইলেকট্রিক ট্রেনের আগে ঢাকা-চট্টগ্রাম রেলপথে যে পরিবর্তনের পরিকল্পনা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৯ পিএম
ছবি: সংগৃহীত
expand

ঢাকা-চট্টগ্রাম রেলপথে ইলেকট্রিক ট্রেন চালুর আগে রেল যোগাযোগব্যবস্থায় একাধিক পরিবর্তন আনার উদ্যোগ নিয়েছে সরকার। এর মধ্যে পুরো রেলপথকে ডুয়েলগেজ ডাবল লাইনে উন্নীত করা এবং ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত নতুন কর্ডলাইন নির্মাণের পরিকল্পনা রয়েছে। এসব প্রকল্প বাস্তবায়িত হলে এ পথে ট্রেনের গতি বাড়ার পাশাপাশি যাতায়াতের সময়ও কমবে।

বুধবার (০৯ সেপ্টেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান এসব তথ্য জানান।

প্রধানমন্ত্রী বলেন, ঢাকা-চট্টগ্রাম করিডরে ইলেকট্রিক ট্রেন পরিচালনার জন্য ইলেকট্রিক ট্র্যাকশন স্থাপনের সম্ভাব্যতা সমীক্ষা ও বিশদ নকশা প্রণয়নের কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। প্রয়োজনীয় অর্থায়ন নিশ্চিত হওয়ার পর প্রকল্পটির বিস্তারিত কর্মপরিকল্পনা ও সময়সূচি নির্ধারণ করা হবে।

তিনি বলেন, অর্থায়ন পাওয়া সাপেক্ষে প্রকল্পটি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। এটি বাস্তবায়িত হলে ঢাকা-চট্টগ্রাম করিডরে ইলেকট্রিক ট্রেন চলবে। এতে ট্রেনের গড় গতি বাড়বে এবং যাতায়াতের সময় কমবে।

এর আগে রেলপথকে ডুয়েলগেজ ডাবল লাইনে উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, টঙ্গী-আখাউড়া এবং লাকসাম-চট্টগ্রাম পর্যন্ত ডুয়েলগেজ ডাবল লাইন নির্মাণের সম্ভাব্যতা সমীক্ষা ও বিশদ নকশার কাজ শেষ হয়েছে।

এর মধ্যে লাকসাম-চট্টগ্রাম ডুয়েলগেজ ডাবল লাইন উন্নয়ন প্রকল্পের প্রস্তাব অনুমোদনের জন্য প্রক্রিয়াধীন রয়েছে। অন্যদিকে টঙ্গী-আখাউড়া ডুয়েলগেজ ডাবল লাইন প্রকল্পের উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) প্রণয়নের কাজ শেষ পর্যায়ে রয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, এ দুটি প্রকল্প বাস্তবায়িত হলে ঢাকা-চট্টগ্রাম করিডরে বাংলাদেশ রেলওয়ের যাত্রী পরিবহনের সক্ষমতা ও ট্রেনের গতি বাড়বে।

এ ছাড়া ঢাকা-চট্টগ্রাম রেলপথের দূরত্ব কমাতে ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত কর্ডলাইন নির্মাণের পরিকল্পনা রয়েছে। এ প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষা ও বিশদ নকশা প্রণয়নের কাজ চলছে।

প্রধানমন্ত্রী জানান, কর্ডলাইনটি বাস্তবায়িত হলে ঢাকা-চট্টগ্রামের মধ্যে রেলপথের দূরত্ব কমবে। একই সঙ্গে ট্রেনের গড় গতি বাড়বে। ফলে আগের তুলনায় কম সময়ে ঢাকা থেকে চট্টগ্রামে যাতায়াত করা সম্ভব হবে।

চট্টগ্রাম-১২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ এনামুল হক ঢাকা-চট্টগ্রাম রুটে যাতায়াতের সময় ও দূরত্ব কমাতে ইলেকট্রিক বা বুলেট ট্রেন চালুর পরিকল্পনা আছে কি না জানতে চাইলে প্রধানমন্ত্রী এসব পরিকল্পনার কথা জানান।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank