বৃহস্পতিবার
১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আসিফ মাহমুদের বক্তব্য পরীক্ষা-নিরীক্ষা করা হবে: দুদক সচিব

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৮ পিএম আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৩ পিএম
দুদকের সচিব সাইদুর রহমান খান।
expand

দুর্নীতি দমন কমিশনকে (দুদক) নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার দেওয়া বক্তব্য পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হবে বলে জানিয়েছেন দুদকের সচিব সাইদুর রহমান খান।

বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্ন তুলে আসিফ মাহমুদ বলেছেন, সংস্থাটি নিরপেক্ষ নয় এবং রাজনৈতিকভাবে প্রভাবিত। এ বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে দুদক সচিব বলেন, দুদক আইন অনুযায়ী কার্যক্রম পরিচালনা করছে।

তিনি বলেন, আমাদের কাছে কোনো অভিযোগ এলে যাচাই-বাছাইয়ের পর অনুসন্ধান করি, তদন্ত করি এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করি। এতে কেউ সংক্ষুব্ধ হয়ে বক্তব্য দিতেই পারেন। আমরা এখনো তাঁর (আসিফ মাহমুদ) বক্তব্য সম্পর্কে অবগত নই। এ ধরনের কোনো বিষয় তিনি বলে থাকলে আমরা পরীক্ষা-নিরীক্ষা করে দেখব। দুদকের পক্ষ থেকে যতটুকু করার, আমরা করব।

আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির প্রাথমিক সত্যতা পাওয়ার বিষয়ে দুদকের বক্তব্যকে ‘স্লিপ অব টাং’ উল্লেখ করে সাইদুর রহমান খান বলেন, আইন অনুযায়ী যেভাবে অনুসন্ধান করার কথা, সেভাবেই দুদক অনুসন্ধান করছে।

এর আগে বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ অভিযোগ করেন, দুদক বর্তমানে রাজনৈতিক কায়দায় পরিচালিত হচ্ছে এবং সংস্থাটির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন রয়েছে। মিডিয়া ট্রায়ালের মাধ্যমে তাকে হেয় ও চরিত্রহননের উদ্দেশ্যেই এসব অভিযোগ সামনে আনা হয়েছে বলেও দাবি করেন তিনি।

উল্লেখ্য, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে নিয়োগ, বদলি, পদোন্নতি ও সরকারি কেনাকাটাসহ বিভিন্ন বিষয়ে আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধান শুরু করেছে দুদক। এরই মধ্যে বিভিন্ন তথ্য চেয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে সংস্থাটি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank