বুধবার
০৫ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
০৫ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন নিয়মে এনআইডি সংশোধন ও হারানো কার্ড তুলতে কত টাকা লাগে

এনপিবিনিউজ ডেস্ক
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৬, ০৮:৩৬ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনসহ মাঠপর্যায়ের বিভিন্ন সেবার ফি পুনর্নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। সম্প্রতি এক জরুরি চিঠির মাধ্যমে এ নতুন ফি নির্ধারণ করেছে ইসি।

মাঠ পর্যায়ে পাঠানো নির্দেশনায় বলা হয়, এনআইডি’র দৃশ্যমান তথ্য সংশোধনের ক্ষেত্রে প্রথমবার আবেদন করলে ভ্যাটসহ লাগবে ২৩০ টাকা। একই তথ্য দ্বিতীয়বার সংশোধনের আবেদনের ক্ষেত্রে গুণতে হবে ভ্যাটসহ ৩৪৫ টাকা এবং পরবর্তী যে কোনোবার আবেদনের জন্য ভ্যাটসহ ৪৬০ টাকা ফি দিতে হবে।

অন্যদিকে এনআইডি’র অভ্যন্তরীণ তথ্য-উপাত্ত সংশোধনের ক্ষেত্রে প্রথমবার আবেদনে ভ্যাটসহ ১১৫ টাকা, দ্বিতীয়বার আবেদনে ভ্যাটসহ ২৩০ টাকা এবং পরবর্তী যেকোনো আবেদনের জন্য ভ্যাটসহ ৩৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

হারানো জাতীয় পরিচয়পত্র পুনরায় উত্তোলনের জন্য সাধারণ ও জরুরি দুই ধরনের আবেদন ফি নির্ধারণ করেছে কমিশন। সাধারণ আবেদনের ক্ষেত্রে প্রথমবার কার্ড তুলতে ১০০ টাকা, দ্বিতীয়বার ৩০০ টাকা এবং পরবর্তী যেকোনো আবেদনে ৫০০ টাকা ফি লাগবে। আর জরুরি ভিত্তিতে প্রথমবার উত্তোলনে ৩০০ টাকা, দ্বিতীয়বার ৫০০ টাকা এবং পরবর্তী যেকোনো আবেদনের ক্ষেত্রে ১০০০ টাকা দিতে হবে। উল্লিখিত হারানো কার্ড উত্তোলনের সব ফি’র সঙ্গেই ১৫ শতাংশ ভ্যাট প্রযোজ্য হবে।

দলীয় ও ভোটার সংক্রান্ত সেবার ক্ষেত্রেও নতুন ফি ধার্য করা হয়েছে। নতুন রাজনৈতিক দল নিবন্ধনের আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৫০০০ টাকা। এ ছাড়া নির্বাচনী দলিল দস্তাবেজ পরিদর্শন ও কপি সংগ্রহের জন্য ১০০ টাকা এবং ভোটার তালিকার সার্টিফাইড কপি পেতে দিতে হবে ১০০ টাকা। কেবল ভোটার তালিকা দেখার সুযোগ নিতে চাইলে ফি লাগবে ৫০ টাকা। তবে ছবি ছাড়া ভোটার তালিকার সিডি নিতে চাইলে প্রতিটি ইউনিয়ন, সিটি করপোরেশন কিংবা পৌর ওয়ার্ডের জন্য ৫০০ টাকা করে গুণতে হবে।

বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার চাহিদার ভিত্তিতে এনআইডি’র তথ্য-উপাত্ত যাচাই ও সরবরাহের সেবা ফি’র ক্ষেত্রেও সুনির্দিষ্ট নির্দেশনা দিয়েছে ইসি। সরকারি সংস্থা বা সংবিধিবদ্ধ কর্তৃপক্ষের জন্য এককালীন নিবন্ধন ফি ৫ লাখ টাকা এবং বার্ষিক সাব-ইউজার বা নবায়ন ফি নির্ধারণ করা হয়েছে ১ লাখ টাকা, যেখানে প্রতিটি তথ্য যাচাইয়ের জন্য প্রতিবার ২ টাকা করে দিতে হবে।

অপরদিকে, বেসরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে এককালীন নিবন্ধন ফি ৫ লাখ টাকা রাখার পাশাপাশি সাব-ইউজার সংখ্যা অনুযায়ী ফি নির্ধারণ করা হয়েছে। সে ক্ষেত্রে প্রথম ৭০টি সাব-ইউজারের প্রতিটির জন্য ৪ হাজার টাকা এবং পরবর্তী প্রতিটি সাব-ইউজারের জন্য ২ হাজার টাকা ফি লাগবে। বেসরকারি খাতের প্রতিষ্ঠানগুলোকে প্রতিবার তথ্য যাচাইয়ের জন্য ৫ টাকা করে ফি দিতে হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন