মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাজার থেকে ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২০ জুলাই ২০২৬, ১০:৩৮ পিএম
ছবি : সংগৃহীত।
expand
ছবি : সংগৃহীত।

দেশের মানদণ্ড পূরণে ব্যর্থ হওয়ায় চার প্রতিষ্ঠানের আট ধরনের পণ্য বাজার থেকে অবিলম্বে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই)।

পরীক্ষায় এসব পণ্যে অতিরিক্ত প্রিজারভেটিভ, মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর অণুজীবের উপস্থিতি ও নির্ধারিত মানের ব্যত্যয় পাওয়া গেছে বলে জানিয়েছে সংস্থাটি।

সোমবার (২০ জুলাই) বিএসটিআইয়ের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ফ্রেশ গার্ডেন অ্যাগ্রো রিসোর্সেসের আমের আচারে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ পাওয়া গেছে। এ ছাড়া কাজী ফুড ইন্ডাস্ট্রিজের বেলিসিমো ব্র্যান্ডের রোটোন্ডো হ্যাজেলনাট কোটেড চকলেট আইসক্রিমে বাংলাদেশ মানের চেয়ে অতিরিক্ত টোটাল মিল্ক সলিড নন-ফ্যাট পাওয়ায় পণ্যটি বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দেয়া হয়েছে।

এদিকে অলিভ বাংলাদেশের লাবণ্য ব্র্যান্ডের চারটি প্রসাধনী পণ্য- মিল্ক স্কিন লোশন, অ্যালোভেরা স্কিন লোশন, ফেসওয়াশ মোরিংগা মাচা ফোমিং মিল্ক ও অ্যালোভেরা ভেরিয়েন্টের শ্যাম্পুতে মানবদেহের জন্য ক্ষতিকর অণুজীবের উপস্থিতি পাওয়া যাওয়ায় এসব পণ্যও বাজার থেকে তুলে নেয়ার নির্দেশ দিয়েছে বিএসটিআই।

এছাড়া ডেকো ফুডসের ডেকো ফ্রুট ফান্ডা ব্র্যান্ডের ম্যাঙ্গো ও অরেঞ্জ ভেরিয়েন্টের সফট ড্রিংক পাউডারে বাংলাদেশ মানমাত্রার তুলনায় ভিটামিন ‘সি’ কম থাকায় পণ্য দুটিও প্রত্যাহারের নির্দেশ দিয়েছে বিএসটিআই।

বিএসটিআই বিজ্ঞপ্তিতে জানায়, পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে ইতোমধ্যে প্রত্যাখ্যানপত্র দেয়া হয়েছে। পণ্যের লাইসেন্স নবায়ন বা অনুমোদন না হওয়া পর্যন্ত এসব পণ্যের উৎপাদন, বিক্রয় ও বিতরণ থেকে বিরত থাকার নির্দেশ দেয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে সংস্থাটি আরও জানায়, জনস্বার্থ ও ভোক্তা সুরক্ষার বিষয়টি বিবেচনায় রেখে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে দেশের সব পরিবেশক, ডিলার ও খুচরা বাজার থেকে এসব পণ্য অবিলম্বে প্রত্যাহারের নির্দেশ দেয়া হয়েছে।

নির্দেশনা বাস্তবায়ন হচ্ছে কি না, তা নিবিড়ভাবে তদারকি করবে, তা যাচাই করবে সংস্থাটি। কেউ নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেয়া হবে বলেও সতর্ক করা হয়েছে।

বিএসটিআইয়ের মহাপরিচালক (সচিব) কাজী ইমদাদুল হক বলেন, মানসম্মত পণ্য পাওয়া জনগণের অধিকার। তাই পণ্য কেনার আগে ক্রেতাদের বিএসটিআইয়ের মানচিহ্ন, লাইসেন্স নম্বর, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখসহ প্রয়োজনীয় তথ্য যাচাই করা জরুরি। একই সঙ্গে কোনো পণ্যের মান, ভেজাল, প্রতারণা বা বিএসটিআইয়ের মানচিহ্নের অপব্যবহার-সংক্রান্ত অভিযোগ দ্রুত সংস্থাটিকে জানানোরও অনুরোধ করেন তিনি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন