মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিএফএ’র নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২০ জুলাই ২০২৬, ০৯:৩৩ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের (বিএফএ) ২০২৬-২০২৮ মেয়াদের নবনির্বাচিত কমিটি দায়িত্ব গ্রহণ করেছে। রোববার (১৯ জুলাই) সন্ধ্যায় রাজধানীর বিজয়নগরস্থ আল রাজি ভবনে আয়োজিত অনুষ্ঠানে নবনির্বাচিত চেয়ারম্যানসহ ৩৩ জন পরিচালক শপথ নেন।

বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব ও বিএফএ-র প্রশাসক মুস্তাফিজুর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে সদ্য সমাপ্ত নির্বাচনে চূড়ান্তভাবে নির্বাচিত চেয়ারম্যান, প্রথম ভাইস-চেয়ারম্যান, চারজন ভাইস-চেয়ারম্যান, অর্থ পরিচালক এবং ২৫ জন পরিচালক আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেন।

শপথ বাক্য পাঠ করান বিএফএ নির্বাচন বোর্ডের (২০২৬–২০২৮) সদস্য ও বাণিজ্য মন্ত্রণালয়ের এফটিএ-৬ শাখার সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ হাসিব সরকার।

এ সময় নির্বাচন বোর্ডের অপর সদস্য ও বাণিজ্য মন্ত্রণালয়ের ডব্লিউটিও-৬ শাখার সিনিয়র সহকারী সচিব শেখ শামসুল আরেফীন উপস্থিত ছিলেন।

এর আগে গত ১১ জুলাই ২০২৬ তারিখে অনুষ্ঠিত বিএফএ’র ২০২৬–২০২৮ মেয়াদের পরিচালনা পর্ষদ নির্বাচনে বিশিষ্ট ব্যবসায়ী ও মোশারফ গ্রুপের চেয়ারম্যান মো: মোশারফ হোসেন সংগঠনের নতুন চেয়ারম্যান নির্বাচিত হন।

এছাড়া প্রথম ভাইস-চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মো. মামুনুর রশীদ খান। ভাইস-চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন, মাহমুদ হাসান রাজু, এস এম বাবুল, মো. নূর আলম পাটোয়ারী ও মোহাম্মদ হাকিম আলী; পরিচালক (অর্থ) দায়িত্ব পেয়েছেন মো. আলাউদ্দিন চৌধুরী। তাদের পাশাপাশি আরও ২৫ জন সদস্য পরিচালক পদে নির্বাচিত হয়েছেন।

শপথ গ্রহণ শেষে এক প্রতিক্রিয়ায় নবনির্বাচিত চেয়ারম্যান মো. মোশারফ হোসেন দেশের কৃষি খাতের উন্নয়ন ও সার সরবরাহ এবং সার্বিক উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সঠিকভাবে সার ব্যবস্থাপনায় সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।

নতুন চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন আরও জানিয়েছেন, বিদ্যমান সার ডিলারশিপ ব্যবস্থা বহাল রাখাই হবে তাদের প্রধান অগ্রাধিকার। পাশাপাশি ২০২৫ সালের ডিলার নীতিমালা সংশোধন বা বাতিল, ২৫ বছর ধরে অপরিবর্তিত থাকা ডিলার কমিশন ১০০ টাকা থেকে ২০০ টাকায় উন্নীত করা এবং কৃষকের কাছে সময়মতো সার পৌঁছে দেওয়া এবং বিতরণ ব্যবস্থা আরও কার্যকর করারও তাদের উদ্দেশ্য।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন