রবিবার
১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

এইচএসসির পদার্থবিজ্ঞানের প্রশ্নে ভুল, চার শিক্ষককে শোকজ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৫ জুলাই ২০২৬, ০২:২১ পিএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

এইচএসসি ২০২৬ সালের পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়) প্রথমপত্রের প্রশ্নপত্রে একাধিক ত্রুটি ধরা পড়ার পর প্রশ্নপত্র পরিশোধনের দায়িত্বে থাকা চার শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে সিলেট মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। প্রশ্নপত্রে ভুলের কারণে পরীক্ষার্থীরা বিভ্রান্তির মুখে পড়েছেন বলে বোর্ডের পক্ষ থেকে উল্লেখ করা হয়েছে।

মঙ্গলবার (১৫ জুলাই) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক বিলকিস ইয়াছমীনের স্বাক্ষর করা পৃথক নোটিশে সংশ্লিষ্ট শিক্ষকদের তিন কর্মদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা জমা দিতে বলা হয়।

বোর্ডের নোটিশে বলা হয়েছে, গত সোমবার অনুষ্ঠিত পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়) প্রথমপত্রের সৃজনশীল অংশের ৬ ও ৭ নম্বর প্রশ্নে গুরুতর অসঙ্গতি পাওয়া গেছে। এমন ত্রুটিপূর্ণ প্রশ্ন পরীক্ষার্থীদের জন্য অপ্রয়োজনীয় মানসিক চাপ তৈরি করেছে এবং পরীক্ষার স্বাভাবিক পরিবেশ ব্যাহত করেছে।

এ ধরনের ভুলকে দায়িত্ব পালনে অবহেলা হিসেবে উল্লেখ করে বোর্ড জানিয়েছে, প্রশ্নপত্র পরিশোধনের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের সময় এমন ত্রুটি থেকে যাওয়া গ্রহণযোগ্য নয়। একই সঙ্গে এই ঘটনায় শিক্ষা বোর্ডের ভাবমূর্তিও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে নোটিশে উল্লেখ করা হয়।

কারণ দর্শানোর নোটিশ পাওয়া চার শিক্ষক হলেন, শ্রীমঙ্গল সরকারি কলেজের পদার্থবিজ্ঞানের অধ্যাপক মো. মুজিবুর রহমান, বৃন্দাবন সরকারি কলেজের পদার্থবিজ্ঞানের সহকারী অধ্যাপক কাজী জুনায়েদ আল আমিন, এমসি কলেজের পদার্থবিজ্ঞানের সহকারী অধ্যাপক মোছাদ্দেক হোসেন খান এবং সিলেট সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের পদার্থবিজ্ঞানের প্রভাষক মোহাম্মদ হেলাল উদ্দিন।

এ বিষয়ে সিলেট মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক বিলকিস ইয়াছমীন বলেন, ‘আমাকে উচ্চ পর্যায় থেকে যেভাবে বলা হয়েছে, ঠিক সেভাবেই আমি ব্যবস্থা নিয়েছি। কারণ দর্শানোর জন্য নোটিশ জারি করেছি। তবে আপাতত এ বিষয়টি নিয়ে আমি বিস্তারিত কোনো কথা বলতে চাচ্ছি না।’

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank