

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ধানমন্ডিতে পেশাগত দায়িত্ব পালনকালে দৈনিক সকাল-এর রিপোর্টার মাহফুজুর রহমান শিশিরসহ কয়েকজন গণমাধ্যমকর্মীর ওপর জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের হামলা ও লাঞ্ছনার প্রতিবাদে এবং সাংবাদিকদের নিরাপত্তার দাবিতে মানববন্ধন করেছে মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (এমআরএ)।
মঙ্গলবার (২৩ জুন) বিকেল রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনের সড়কে অনুষ্ঠিত এ মানববন্ধনে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশ নেন। এসময় আহত সাংবাদিকদের যথাযথ ক্ষতিপূরণ প্রদান এবং হামলার ঘটনায় জড়িতদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে আইনের আওতায় আনার দাবি জানায় সংগঠনটি।
মানববন্ধনে বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলা স্বাধীন গণমাধ্যমের জন্য গুরুতর হুমকি। তারা হামলাকারীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা এবং সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবি জানান।
মানববন্ধনে উপস্থিত সাংবাদিকরা অবিলম্বে ধানমন্ডি-৩২ এলাকায় সাংবাদিক মাহফুজুর রহমান শিশির, রাব্বী সিদ্দিকীসহ অন্যান্য গণমাধ্যমকর্মীর ওপর হামলার সঙ্গে জড়িত জামায়াতের নেতাকর্মীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার জোর দাবি জানান।
এছাড়া আহত সব গণমাধ্যমকর্মীর দ্রুত সুস্থতা কামনা, তাদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করা এবং সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান বক্তারা। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও দাবি জানান সাংবাদিকরা।