বৃহস্পতিবার
১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

যাত্রাবাড়িতে চাঁদার জন্য হত্যা, ৩ আসামি রিমান্ডে

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৮ পিএম
ছবি: সংগৃহীত
expand

রাজধানীর যাত্রাবাড়ীতে চাঁদার দাবিতে অটোরিকশা গ্যারেজে ঢুকে সাগর খান ওরফে ইমরান (৩৮) নামে এক ব্যবসায়ীকে গুলি করে হত্যার ঘটনায় গ্রেপ্তার তিন আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (৯ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসান সাহাদাতের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

রিমান্ডে নেওয়া আসামিরা হলেন-রিয়াজুল ইসলাম রিয়াজ ওরফে কাইল্লা রিয়াজ (৩১), মো. কামরুল হাসান (২৫) ও মো. সাইফুল হোসেন (২০)। মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক খন্দকার সালেহ আবু নাঈম আসামিদের আদালতে হাজির করে প্রত্যেকের সাত দিনের রিমান্ড আবেদন করেন।

মামলার এজাহার ও সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, দুই লাখ টাকা চাঁদা দাবিকে কেন্দ্র করে নিহত ইমরানের সঙ্গে মামলার প্রধান আসামি রিয়াজুল ইসলাম রিয়াজ ও কামরুল হাসানের বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় গত ৬ সেপ্টেম্বর রাত সাড়ে ১০টার দিকে রিয়াজ, কামরুলসহ কয়েকজন ব্যক্তি মোটরসাইকেলে করে হেলমেট পরা অবস্থায় ইমরানের অটোরিকশা গ্যারেজে হামলা চালান। তাদের কাছে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র ছিল।

হামলাকারীরা গ্যারেজে ঢুকে এলোপাতাড়ি গুলি চালাতে থাকেন। একপর্যায়ে রিয়াজ পেছন থেকে ইমরানের মাথায় গুলি করেন। গুলিবিদ্ধ হয়ে তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন।

এ সময় বাধা দিতে গেলে ইমরানের বন্ধু সাদ্দামকে মারধর করা হয়। তিনি পালানোর চেষ্টা করলে রিয়াজ তার বাম পায়ে গুলি করেন। পরে অন্য হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে গুরুতর আহত করেন।

স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইমরানকে মৃত ঘোষণা করেন। আহত সাদ্দামকে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

এজাহারে আরও বলা হয়, হামলাকারীরা পালিয়ে যাওয়ার সময় ইমরানের কাছ থেকে নগদ ১ লাখ ৮০ হাজার টাকা, একটি মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল নিয়ে যায়। এছাড়া সাদ্দামের কাছ থেকেও ৬৫ হাজার টাকা ও একটি মোবাইল ফোন নিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে।

এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে গত ৭ সেপ্টেম্বর যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা করেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank