মঙ্গলবার
২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

খালেদা জিয়ার গাড়ি বহরে হামলা, হাতকাটা কাশেম ৫ দিনের রিমান্ডে

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৬, ০২:২০ পিএম
গ্রেপ্তারকৃত মো. আবুল কাশেম পাটোয়ারী ওরফে
expand
গ্রেপ্তারকৃত মো. আবুল কাশেম পাটোয়ারী ওরফে

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার ঘটনায় তেজগাঁও থানায় করা মামলায় গ্রেপ্তার মো. আবুল কাশেম পাটোয়ারী ওরফে হাতকাটা কাশেমের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (২৫ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন। কাশেম তেজগাঁও থানা শ্রমিক লীগের সভাপতি।

এদিন কারাগার থেকে আসামি কাশেমকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা ও তেজগাঁও থানার পুলিশ পরিদর্শক আবদুল হান্নান তার রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের যৌক্তিকতা তুলে ধরেন।

এসময় আসামিপক্ষে তার আইনজীবী মনির হোসাইন সুমন রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। পরে আদালত উভয় পক্ষের শুনানি শেষে তার পাচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে ১৭ আগস্ট রাজধানীর কারওয়ান বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরদিন গত ১৮ আগস্ট তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এরপর গত ২০ আগস্ট তার সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়। ওইদিন আদালত আসামির উপস্থিতিতে শুনানির জন্য ২৫ আগস্ট দিন ধার্য করেন।

২০২৪ সালের ২২ আগস্ট বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১১৩ জনের বিরুদ্ধে মামলা করা হয়।

রাজধানীর তেজগাঁও থানায় ঢাকা মহানগর উত্তর বিএনপির ২৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বেল্লাল হোসেন বাদী হয়ে এ মামলা করেন।

মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তেজগাঁও থানা আওয়ামী লীগের সভাপতি আবদুর রশিদ, সাধারণ সম্পাদক ও ওয়ার্ড কাউন্সিলর শামীম হাসান, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সভাপতি সৈয়দ মিজানুর রহমানসহ ১১৩ জন।

মামলার বিবরণে বলা হয়েছে, ২০১৫ সালের ২০ এপ্রিল ঢাকার উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে বিএনপির প্রার্থী তাবিথ আউয়ালের নির্বাচনি প্রচারণায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অংশ নেন।

ওই সময় কারওয়ান বাজারের বাপেক্স ভবনের সামনে খালেদা জিয়াকে হত্যার উদ্দেশ্যে আওয়ামী লীগ ও তার বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তার গাড়িবহরে হামলা চালায়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন