

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রাজধানীর রায়েরবাগের জোড়াখাম্বা এলাকার একটি মাদরাসায় ১৩ বছর বয়সী শিক্ষার্থী মো. নাঈম শেখের মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলায় অভিযুক্ত দুই শিক্ষককে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (৪ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামান মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউশন বিভাগের এসআই আব্দুস ছবুর।
কারাগারে পাঠানো দুই আসামি হলেন রওয়াজাতুল উলূম হাফিজিয়া নুরারী মাদ্রাসার শিক্ষক হাফেজ মো. জাকারিয়া (৩৫) ও হাফেজ মো. জোবায়ের আহম্মেদ (২০)।
আদালত সূত্র জানায়, মামলার তদন্ত কর্মকর্তা কদমতলী থানার এসআই আমজাদ হোসেন আসামিদের আদালতে হাজির করে তদন্তের স্বার্থে কারাগারে আটক রাখার আবেদন করেন। এ সময় আসামিদের পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না।
মামলার এজাহারে নিহতের মা নাজমা বেগম অভিযোগ করেন, তার দুই ছেলে ওই মাদ্রাসায় পড়াশোনা করত। বিভিন্ন অজুহাতে নাঈমকে শারীরিকভাবে নির্যাতন করা হতো। বিষয়টি জানার পর তিনি ছেলেকে অন্যত্র ভর্তি করাতে চাইলে মাদ্রাসা কর্তৃপক্ষ ছাড়পত্র দিতে অস্বীকৃতি জানায়। এরপর থেকে নাঈমের ওপর নির্যাতনের মাত্রা আরও বেড়ে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগ অনুযায়ী, গত সোমবার (৩ আগস্ট) দুপুরে নাঈম শিক্ষকদের জানায় যে সে আর ওই মাদ্রাসায় পড়তে চায় না। এরপর তাকে মারধর করা হয় এবং দুপুর ১টা থেকে আড়াইটার মধ্যে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে মামলায় দাবি করা হয়েছে।
এর আগে একই দিন দুপুরে মাদ্রাসার তৃতীয় তলার একটি ওয়াশরুম থেকে নাঈমের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে তার মা নাজমা বেগম দুই শিক্ষককে আসামি করে হত্যা মামলা দায়ের করলে রাতেই মাদ্রাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।