সোমবার
০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

অভিনেতা জাহের আলভীর জামিন ফের নামঞ্জুর

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৬ জুলাই ২০২৬, ০৭:০৩ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

স্ত্রীর মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় ছোট পর্দার অভিনেতা নিয়ামত উল্লাহ ভূঁইয়া ওরফে জাহের আলভীর জামিন আবেদন আবারও খারিজ করেছেন আদালত। এতে তিনি আপাতত কারাগারেই থাকছেন।

সোমবার (৬ জুলাই) ঢাকার মহানগর দায়রা জজ আদালতের বিচারক শাহজাহান কবির শুনানি শেষে তার জামিন আবেদন নামঞ্জুর করেন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন আইনজীবী হারুন অর রশীদ, আর আসামিপক্ষে জামিনের আবেদন উপস্থাপন করেন আইনজীবী শেখ রোবায়েত ইসলাম।

এর আগে ১৮ জুন মামলায় আত্মসমর্পণ করে জামিন আবেদন করেছিলেন জাহের আলভী। তবে সেদিনও আদালত তার আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে ২১ জুন তাকে রিমান্ডে নেওয়ার আবেদন করা হলে ২৪ জুন শুনানি শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ড শেষে ৩০ জুন তাকে পুনরায় কারাগারে পাঠানো হয়।

অন্যদিকে একই মামলায় ৪ জুন জাহের আলভীর মা নাসরিন সুলতানা আদালতে আত্মসমর্পণ করলে তিনি জামিন পান বলে জানা গেছে।

মামলার নথি অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি রাজধানীর পল্লবী ডিওএইচএস এলাকার একটি বাসায় ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় অভিনেতার স্ত্রী ইকরাকে উদ্ধার করেন পরিবারের সদস্যরা। পরে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাটি জানার পর পুলিশ হাসপাতালে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে।

ঘটনার দিন রাতেই ইকরার বাবা কবির হায়াত খান পল্লবী থানায় মামলা করেন। এতে তিনি অভিযোগ করেন, দীর্ঘদিনের পারিবারিক কলহ ও নির্যাতনের কারণে তার মেয়ে আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Portugal VS Spain
Scheduled
07 Jul, 01:00 AM
VS
World Cup