বৃহস্পতিবার
২৭ আগস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২৭ আগস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জামিন পেলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক, মুক্তিতে বাধা নেই

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০১ জুলাই ২০২৬, ০৭:৪৬ এএম
সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক ।। ফাইল ছবি
expand
সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক ।। ফাইল ছবি

সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের বিরুদ্ধে থাকা সব মামলায় জামিন মঞ্জুর হয়েছে। সর্বশেষ যাত্রাবাড়ী থানায় দায়ের করা খোয়াইব হত্যা মামলায় ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট। এতে তার কারামুক্তির পথে আর কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবীরা।

মঙ্গলবার (৩০ জুন) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। একই সঙ্গে খায়রুল হককে কেন স্থায়ী জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করেন আদালত।

আদালতে খায়রুল হকের পক্ষে শুনানিতে অংশ নেন জ্যেষ্ঠ আইনজীবী মনসুরুল হক চৌধুরী, মোতাহার হোসেন সাজু, সাঈদ আহমেদ রাজা ও জাহাঙ্গীর হোসেন।

আদালতের আদেশের পর আইনজীবী মোতাহার হোসেন সাজু সাংবাদিকদের বলেন, যাত্রাবাড়ীর মামলাসহ মোট আটটি মামলায় জামিন পেয়েছেন সাবেক এই প্রধান বিচারপতি। বর্তমানে তার বিরুদ্ধে নতুন কোনো মামলা নেই এবং অন্য কোনো মামলায়ও তাকে গ্রেপ্তার দেখানো হয়নি। ফলে তার মুক্তির ক্ষেত্রে আর কোনো আইনি জটিলতা অবশিষ্ট নেই।

এর আগে গত ২৩ মে পৃথক সাতটি মামলায় জামিন পান খায়রুল হক। তবে সেদিনই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় যাত্রাবাড়ীতে খোয়াইব নিহত হওয়ার ঘটনায় দায়ের করা হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছিল। সর্বশেষ সেই মামলাতেও জামিন পাওয়ায় তার বিরুদ্ধে বিচারাধীন সব মামলায় জামিন নিশ্চিত হলো।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের সময় পুলিশের গুলিতে খোয়াইব নিহত হন। পরে একই বছরের ১৬ নভেম্বর নিহতের ভাই জোবায়ের আহম্মেদ যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা করেন। ওই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৮০ জনকে আসামি করা হয়। এ বি এম খায়রুল হকও ওই মামলার অন্যতম আসামি ছিলেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন