

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বিরল এক জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনার সাক্ষী হতে যাচ্ছে সৌদি আরবের পবিত্র মক্কা নগরী। বুধবার (১৫ জুলাই) নির্দিষ্ট সময়ে সূর্য ঠিক কাবা শরিফের ওপর অবস্থান করবে। বছরে এমন ঘটনা মাত্র দুবার ঘটে। নির্দিষ্ট সময়ে সূর্য এমন অবস্থানে থাকবে, যেখান থেকে সূর্যের অবস্থান পর্যবেক্ষণ করে সহজেই কাবা শরিফের দিক নির্ণয় করা যাবে।
মক্কার স্থানীয় সময় দুপুর ১২টা ২৬ মিনিট ৪৪ সেকেন্ডে (বাংলাদেশ সময় বিকেল ৩টা ২৬ মিনিট ৪৪ সেকেন্ডে) সূর্য কাবা শরিফের ঠিক ওপর দিয়ে অতিক্রম করবে। সে সময় পৃথিবীর যেসব অঞ্চল থেকে সূর্য দৃশ্যমান থাকবে, সেসব স্থানে সূর্যের দিকে তাকালে সেটিই হবে কাবা শরিফের দিক।
জেদ্দা অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির সভাপতি মাজেদ আবু জাহরা জানান, নির্ধারিত মুহূর্তে একটি সোজা কাঠি বা দণ্ড খাড়াভাবে স্থাপন করলে তার ছায়া কিবলার বিপরীত দিকে পড়বে। ফলে ছায়ার উল্টো দিক অনুসরণ করেই সহজে কিবলার সঠিক দিক নির্ধারণ করা সম্ভব হবে।
এই পদ্ধতি ব্যবহার করতে হলে নির্ধারিত সময়ের কয়েক মিনিট আগে সমতল স্থানে একটি সোজা বস্তু খাড়াভাবে স্থাপন করতে হবে। এরপর সময় মিলিয়ে সূর্যের অবস্থান বা ছায়ার দিক পর্যবেক্ষণ করলেই কিবলার দিক যাচাই করা যাবে। কম্পাস বা ডিজিটাল যন্ত্র ছাড়াই প্রাকৃতিক উপায়ে দিক নির্ধারণের এটি একটি কার্যকর পদ্ধতি বলে মনে করেন বিশেষজ্ঞরা।
জ্যোতির্বিজ্ঞানীদের ভাষ্য, সূর্যের আপাত অবস্থান যখন মক্কার অক্ষাংশের সঙ্গে একই সরলরেখায় আসে, তখনই এই ঘটনা ঘটে। এ কারণে পৃথিবীর বিভিন্ন প্রান্তে থাকা মানুষ জ্যোতির্বৈজ্ঞানিক এই অবস্থানকে কাজে লাগিয়ে নিজেদের কিবলার দিকের যথার্থতা যাচাই করতে পারেন।
প্রতি বছর মে মাসের শেষ দিকে এবং জুলাইয়ের মাঝামাঝি সময়ে সাধারণত এমন ঘটনা ঘটে। তাই যারা কিবলার দিক নিশ্চিত করতে চান, তাদের জন্য আজকের এই সময়টি বিশেষ গুরুত্ব বহন করছে।