মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মোবাইল নম্বর গোপন রেখেই চ্যাট করা যাবে হোয়াটসঅ্যাপে

এনপিবি ডেস্ক
প্রকাশ : ৩০ জুন ২০২৬, ১০:০৯ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

হোয়াটসঅ্যাপ নিয়ে আসছে এ যাবৎকালের অন্যতম বড় একটি পরিবর্তন। এখন থেকে কারও সাথে চ্যাট করতে আর ফোন নম্বর দেওয়ার কোনো বাধ্যবাধকতা থাকছে না। মেটা অ্যাপটি থেকে তুলে নিচ্ছে ফোন নম্বরের বাধ্যবাধকতা। এর পরিবর্তে থাকবে স্বতন্ত্র ইউজারনেম বিনিময়। এখন থেকে ব্যক্তিগত মোবাইল নম্বর গোপন রেখেই সম্পূর্ণ অপরিচিত ব্যক্তির সঙ্গেও নিশ্চিন্তে যোগাযোগ করা যাবে।

এর বদলে ব্যবহারকারীরা খুব সহজেই নিজেদের পছন্দমতো একটি 'ইউজারনেম' বা ব্যবহারকারী নাম তৈরি করে নিতে পারবেন এবং কেবল সেটি শেয়ার করেই যোগাযোগ করতে পারবেন।

হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ এই পদক্ষেপটিকে ব্যবহারকারীদের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার ক্ষেত্রে একটি বিশাল মাইলফলক হিসেবে দেখছে। ফোন নম্বর অত্যন্ত সংবেদনশীল ও ব্যক্তিগত একটি বিষয়। অনেক সময় নতুন পরিচিত কারও সাথে কথা বলতে বা কোনো গ্রুপে যুক্ত হতে গেলে অনিচ্ছাসত্ত্বেও অচেনা মানুষদের কাছে নিজের নম্বরটি প্রকাশ হয়ে যায়।

নতুন এই 'ইউজারনেম' ব্যবস্থা চালু হলে নম্বর বেহাত হওয়ার সেই আশঙ্কা আর থাকবে না।

তবে এই ইউজারনেমটি অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমের মতো নয়। হোয়াটসঅ্যাপে ইউজারনেম খোঁজার কোনো ডিরেক্টরি বা তালিকা থাকবে না, এমনকি ফ্রেন্ড সাজেশনের মতো কোনো অপশনও এখানে দেখা যাবে না। পাশাপাশি, আপনার ফেসবুক বা ইনস্টাগ্রামের ইউজারনেমের সাথে হোয়াটসঅ্যাপের ইউজারনেম এক হওয়ারও কোনো বাধ্যবাধকতা নেই।

ব্যবহারকারীরা নিজেদের জন্য একটি নির্দিষ্ট ইউজারনেম সংরক্ষণ করবেন। এরপর নতুন কারও সাথে যুক্ত হতে চাইলে শুধু সেই ইউজারনেমটি দিলেই অপর পক্ষ চ্যাট শুরু করতে পারবেন। ফিচারটি পুরোপুরি চালু হওয়ার পর এটিই ডিফল্ট বা স্বয়ংক্রিয় ব্যবস্থা হিসেবে কাজ করবে। ফলে নতুন চ্যাটে ফোন নম্বরের পরিবর্তে শুধু ইউজারনেমটিই দৃশ্যমান হবে।

ইতিমধ্যেই ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপের সর্বশেষ ভার্সনটি আপডেট করে নিজেদের ইউজারনেম রিজার্ভ বা সংরক্ষণ করতে পারবেন। এর জন্য অ্যাপের সেটিংস (Settings)-এ গিয়ে অ্যাকাউন্ট (Account) অপশন থেকে ইউজারনেম (Username) নির্বাচন করে নিজের পছন্দের নামটি বেছে নিতে হবে।

ফিচারটি পুরোপুরি কার্যকর হতে বছরের শেষভাগ পর্যন্ত সময় লাগতে পারে এবং চালু হলে নোটিফিকেশনের মাধ্যমে সবাইকে জানিয়ে দেওয়া হবে।

হোয়াটসঅ্যাপ জানিয়েছে, ইউজারনেমটি এমন হওয়া উচিত যা শুধু আপনার পরিচিত বা কাঙ্ক্ষিত ব্যক্তিরাই জানবেন। যদি মানানসই নাম খুঁজে পেতে সমস্যা হয়, তবে অ্যাপের নিজস্ব 'ইউজারনেম জেনারেটর' আপনাকে সাহায্য করবে। এছাড়াও কনটেন্ট ক্রিয়েটর, ক্ষুদ্র ব্যবসায়ী এবং বিভিন্ন প্রতিষ্ঠান চাইলে তাদের ফেসবুক বা ইনস্টাগ্রামের বর্তমান ইউজারনেমটিই হোয়াটসঅ্যাপেও ব্যবহার করার বিশেষ সুযোগ পাবেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
LIVE
Ivory Coast VS Norway
45'+5'
0 - 1
39' Antonio Nusa
World Cup