

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


অনুমতি ছাড়া টেলিভিশনের বিজ্ঞাপনে নিজের ছবি ব্যবহার করার অভিযোগে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি প্রতিষ্ঠান স্যামসাং ইলেক্ট্রনিক্স এর বিরুদ্ধে ১ কোটি ৫০ লাখ ডলারের ক্ষতিপূরণ মামলা করেছেন ব্রিটিশ পপ তারকা দুয়া লিপা ক্যালিফোর্নিয়ার একটি ফেডারেল আদালতে গত শুক্রবার এ মামলা দায়ের করা হয়।
মামলায় অভিযোগ করা হয়েছে, খুচরা বিক্রির জন্য প্রদর্শিত টেলিভিশনের কার্ডবোর্ডের বাক্সে দুয়া লিপার একটি কপিরাইট করা ছবি ব্যবহার করেছে স্যামসাং। এর ফলে সাধারণ ক্রেতাদের মধ্যে এমন ধারণা তৈরি হয়েছে যে, জনপ্রিয় এই গায়িকা প্রতিষ্ঠানটির পণ্যের প্রচারণা বা অনুমোদনের সঙ্গে যুক্ত। আদালতে জমা দেওয়া নথি অনুযায়ী, ব্যবহৃত ছবিটির শিরোনাম ছিল ‘দুয়া লিপা : ব্যাকস্টেজ অ্যাট অস্টিন সিটি লিমিটস, ২০২৪’। ওই ছবির সম্পূর্ণ স্বত্ব ও মালিকানা কেবল দুয়া লিপার। তার আইনজীবীদের দাবি, অনুমতি ছাড়াই ছবিটি ব্যবহার করে স্যামসাং কপিরাইট, ট্রেডমার্ক ও ‘পাব্লিসিটি রাইটস’ লঙ্ঘন করেছে।
মামলার নথিতে সামাজিক যোগাযোগমাধ্যমের কয়েকটি পোস্ট ও মন্তব্যের স্ক্রিনশটও যুক্ত করা হয়েছে। সেখানে দেখা যায়, একজন ভক্ত মন্তব্য করেছেন, “শুধু দুয়া লিপার ছবি আছে বলেই” তিনি টেলিভিশনটি কিনবেন। আইনজীবীদের মতে, এ ধরনের প্রতিক্রিয়া প্রমাণ করে যে, ছবিটি ব্যবহার করে পণ্যের বিক্রি বাড়ানোর চেষ্টা করা হয়েছে।
দুয়া লিপার পক্ষ থেকে আরও জানানো হয়, গত বছরের জুন মাসে বিষয়টি তার নজরে আসে। তখন স্যামসাংকে ছবির ব্যবহার বন্ধ করতে অনুরোধ জানানো হলেও প্রতিষ্ঠানটি তা প্রত্যাখ্যান করে।
এদিকে চলমান আইনি প্রক্রিয়া নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি স্যামসাং ইলেকট্রনিকসের একজন মুখপাত্র। একইভাবে দুয়া লিপার আইনজীবীরাও তাৎক্ষণিকভাবে অতিরিক্ত মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন। মামলায় দাবি করা হয়েছে, এ অননুমোদিত ব্যবহারের ফলে দুয়া লিপার ব্র্যান্ড ইমেজ ও বাণিজ্যিক সুনাম ক্ষতিগ্রস্ত হয়েছে।
