

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বিয়ের পর জীবনের নতুন অধ্যায় নিয়ে প্রথমবার খোলামেলা কথা বলেছেন সংগীতশিল্পী ও অভিনেত্রী জেফার রহমান। উপস্থাপক রাফসান সাবাবের সঙ্গে আলাপে তিনি জানিয়েছেন, বিয়ের ৫৪ দিন পার হলেও এতদিন ব্যক্তিগত জীবন নিয়ে বিশেষ কিছু শেয়ার করেননি। এবার তিনি জানিয়েছেন, এই নতুন সময়টিকে তিনি সত্যিই উপভোগ করছেন।
জেফার রহমান বলেন, ‘আলহামদুলিল্লাহ, আমার জীবনের নতুন অধ্যায় খুব উপভোগ করছি। কাজের প্রতি আমি অনেকটা নিবেদিত এবং মনোযোগী। তাই আমার জন্য একজন বোঝাপড়াশীল ও সাপোর্টিভ সঙ্গীর থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার সঙ্গী সেই বিষয়টিকে সম্মান করেন এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে আমাকে ভীষণভাবে সাপোর্ট করেন।’
হঠাৎ বিয়ের সিদ্ধান্ত নেওয়া প্রসঙ্গে তিনি জানান, ‘সিদ্ধান্তটা হুট করে নেওয়া। এটি আমাদের জীবনের একটি বড় পদক্ষেপ। আমরা ভাগ্যবান যে পরিবার ও বন্ধু আমাদের নতুন যাত্রাকে ভালোবাসা ও আশীর্বাদ দিয়ে উদযাপন করেছেন।’
জেফার জানান, তারা চাইছিলেন খুব কাছের মানুষদের নিয়ে ছোট পরিসরে অনুষ্ঠান করতে। তাই সীমিত আয়োজনেই বিয়ে সম্পন্ন হয়।
বিয়ের পর জীবনে পরিবর্তন এসেছে কি না জানতে চাইলে জেফার বলেন, ‘অনেকটাই বদলে গেছে। আগে একা একা কাজ করতাম, এখন আমার একজন সঙ্গী আছেন। তিনি শুধু জীবনের পার্টনার নন, কাজেরও একজন সঙ্গী। জীবনটা এখন অনেক সহজ মনে হয়।’
তিনি আরও বলেন, ‘আমরা দুজন একে অপরের প্রতি সাপোর্টিভ। পার্থক্যগুলোকে সম্মান করি। বন্ধু ও পরিবারের সঙ্গে সময় কাটানো, ভ্রমণ করা এবং সুন্দর মুহূর্তগুলো উপভোগ করা এখন আরও আনন্দের।’
কাজের বিষয়ে তিনি জানিয়েছেন, গত বছর তিনি কয়েকটি সিনেমায় প্লে ব্যাক করেছেন। এর মধ্যে রয়েছে তাণ্ডব, দাগী, ইনসাফ। যদিও নিয়মিত প্লে ব্যাক করেন না, তবুও গত বছর কিছু কাজ করেছেন। এখন নিজের জন্য কিছু সলো প্রকল্পের পরিকল্পনা করছেন। মিউজিকের পাশাপাশি স্টেজ শো এবং বিভিন্ন এন্ডোর্সমেন্টের কাজও চলছে। নতুন জীবনের কারণে কিছুদিন বিরতি নিয়েছিলেন, তবে এখন আবার কাজে ফিরেছেন।
অভিনয় প্রসঙ্গে জেফার জানিয়েছেন, নির্মাতা শিহাব শাহীন পরিচালিত একটি ওয়েব ফিল্মে অভিনয় করেছেন তিনি, যেখানে তার সঙ্গে রয়েছেন প্রীতম হাসান। দুজনেই মূলত সংগীতশিল্পী হলেও এখানে একসঙ্গে অভিনয় করেছেন। কাজটির পোস্ট প্রোডাকশনের কাজ চলছে এবং শিগগিরই এটি মুক্তি পাবে বলে আশা করছেন তিনি।
জীবন ও কাজের ভারসাম্য নিয়ে তিনি বলেন, ‘দুটি বিষয়ই একে অপরের সঙ্গে গভীরভাবে জড়িত। ব্যক্তিগত জীবন ভালো না হলে কাজেও প্রভাব পড়ে, আবার কাজ ভালো না হলে ব্যক্তিগত জীবনেও প্রভাব পড়ে। তাই দুটোর মধ্যে ভারসাম্য রাখার চেষ্টা করছি। আমার পরিবার এবং স্বামী খুব সাপোর্টিভ। যেহেতু আমরা দুজনই একে অপরের কাজ বুঝি, তাই ব্যক্তিগত জীবনেও আমাদের সামঞ্জস্য ভালো।’
মন্তব্য করুন
