

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা শুটিংয়ের সময় গুরুতর চোট পেয়েছেন। একটি নাচের দৃশ্য ধারণ করতে গিয়ে তার ডান নিতম্বের পেশির টেন্ডন ছিঁড়ে যায়। এতদিন বিষয়টি প্রকাশ না করলেও এবার সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের শারীরিক অবস্থার কথা জানিয়ে ভক্তদের উদ্দেশে আবেগঘন বার্তা দিয়েছেন তিনি।
রাশমিকা জানান, তার আসন্ন সিনেমা 'মাইসা'-এর একটি নাচের দৃশ্যের শুটিং চলাকালে দুর্ঘটনাটি ঘটে। এর আগে পরপর দুইবার চোট পাওয়ার পর এবার তৃতীয়বারের মতো গুরুতর আঘাতের শিকার হয়েছেন তিনি। চিকিৎসকদের পরামর্শে আপাতত সম্পূর্ণ বিশ্রামে রয়েছেন এই অভিনেত্রী।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে কয়েকটি সেলফির পাশাপাশি কুকিজ, পাজল, দ্রুত সুস্থতা কামনা করে পাঠানো ফুলের তোড়া এবং নিজের পোষা কুকুরের ছবিও শেয়ার করেন রাশমিকা।
পোস্টে তিনি লেখেন, ‘আঘাত পাওয়া সত্যিই খুব কঠিন অভিজ্ঞতা। আমি বিষয়টি কাউকে জানাতে চাইনি। কিন্তু অনেকদিন ধরে সবার চোখের আড়ালে থাকায় শেষ পর্যন্ত জানাতেই হলো। এটি আমার তৃতীয়বারের মতো চোট। এবার বুঝেছি, শরীরকে যন্ত্রের মতো ব্যবহার করা যায় না। এটিকে মানুষের শরীর হিসেবেই যত্ন নিতে হয়।’
তিনি আরও বলেন, ‘আপনারা দুশ্চিন্তা করবেন না। ব্যথা আছে, তবে তা অসহনীয় নয়। মনে হচ্ছে, ঈশ্বর যেন আমাকে বলছেন—তুমি নিজে থেকে কখনোই বিশ্রাম নেবে না, তাই আমিই তোমার জন্য বিরতির ব্যবস্থা করে দিলাম। সবচেয়ে অবাক করা বিষয় হলো, প্রতিবারই একেবারে অপ্রত্যাশিতভাবে এসব দুর্ঘটনা ঘটেছে।’
তবে শারীরিক চোটের পাশাপাশি ওজন বেড়ে যাওয়ার বিষয়টিও ভাবাচ্ছে অভিনেত্রীকে। নিয়মিত শরীরচর্চা করতে না পারায় এ নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি লেখেন, ‘আমি সাধারণত নিয়মিত ব্যায়াম করি এবং অনেক দৌড়ঝাঁপ করি। কিন্তু এখন সবকিছু বন্ধ। আর ব্যায়াম করতে না পারলে আমি বেশি খেতে শুরু করি। বিশেষ করে মিষ্টি ও ডেজার্টের প্রতি দুর্বলতা বেড়ে যায়। তাই ওজন বেড়ে যাওয়ার চিন্তাও মাথায় ঘুরছে।’
পোস্টের শেষাংশে ভক্তদের ভালোবাসা, শুভকামনা এবং দ্রুত সুস্থতা কামনার জন্য কৃতজ্ঞতা জানান রাশমিকা। তিনি বলেন, চিকিৎসকদের পরামর্শ মেনে বিশ্রাম নিচ্ছেন এবং পুরোপুরি সুস্থ হয়ে খুব শিগগিরই আবার শুটিং সেটে ফিরতে চান।