

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


চিত্রনায়ক আরিফিন শুভ আপাতত ‘হ্যাপিলি সিঙ্গেল’ জীবন পার করছেন। পেশাগত ব্যস্ততার কারণে বছরের অনেকটা সময় তাকে দেশ ও বিদেশের নানা প্রান্তে কাটাতে হয়।
গত কোরবানি ঈদে তার অভিনীত ‘মালিক’ সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পায়, যার পর তিনি আবারও দেশের বাইরে যান। এর আগে সনি লিভ অরিজিনালের প্রশংসিত সিরিজ ‘জ্যাজ সিটি’র শুটিংয়ের সূত্রেও দীর্ঘ সময় বিদেশে ছিলেন এই অভিনেতা।
২০২৪ সালের জানুয়ারিতে মাকে হারানোর পর ব্যক্তিগত জীবনের নানা অনাকাঙ্ক্ষিত ঘটনা শুভকে গভীরভাবে প্রভাবিত করেছিল। সেই কঠিন সময়ে তিনি নিজেকে সমাজ ও মানুষ থেকে পুরোপুরি বিচ্ছিন্ন করে নিয়েছিলেন।
তবে সময়ের পরিক্রমায় সেই মানসিক অবস্থার পরিবর্তন ঘটেছে। সম্প্রতি নিজের ব্যক্তিজীবন ও সম্পর্ক নিয়ে খোলামেলা কথা বলতে গিয়ে তিনি জানান, মানুষ একা বাঁচার জন্য তৈরি হয়নি এবং একা বেঁচে থাকা সম্ভবও নয়।
শুভ স্পষ্ট করেছেন যে, জন্ম, মৃত্যু ও বিয়ে ওপরওয়ালার হাতে নির্ধারিত। তিনি বৈবাহিক বা অন্য কোনো বিশেষ সম্পর্কের সম্ভাবনাকে একদম নাকচ করছেন না। তার মতে, ভবিষ্যতে জীবনে আবার নতুন কোনো সম্পর্ক বা বিয়ে আসতেই পারে, তবে তা সঠিক সময়েই ঘটবে।
সম্প্রতি তার ফেসবুক পেজে ‘হ্যাপিলি ম্যারিড’ লেখা একটি পোস্ট দেখে ভক্তদের মাঝে কৌতুহল সৃষ্টি হলেও, পরে জানা যায় এটি ছিল চরকি অরিজিনাল ফিল্মের প্রচারণার অংশ।
বাস্তব জীবনে আবার কবে বিয়ের পিঁড়িতে বসছেন বা বর্তমানে বিদেশে তাঁর অবস্থানের সুনির্দিষ্ট কারণ কী- এসব প্রশ্নের বিষয়ে এখনই খোলস ছেড়ে কিছু বলতে চাননি তিনি। রহস্য বজায় রেখেই শুভর সহজ মন্তব্য, ‘আকাশে চাঁদ উঠলে সবাই দেখতে পাবেন।’


