

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী নাজনীন নাহার নীহার বিয়ে নিয়ে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে চলছে নানা জল্পনা। বিশেষ করে তার হবু স্বামী পাকিস্তানের নাগরিক—এমন গুঞ্জন ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি।
নীহা বলেন, ‘আমি কাকে বিয়ে করছি, সেটা তো কাউকে খুঁজে বের করতে বলিনি। সময় হলে এনগেজমেন্টের মতো বিয়ের খবরও আমি নিজেই জানাব। সবার উচিত আমাদের অভিনন্দন জানানো ও শুভকামনা জানানো।’
হবু স্বামীর জাতীয়তা নিয়ে আলোচনা প্রসঙ্গে তিনি বলেন, ‘বুঝলাম না, আমি কাকে বিয়ে করছি, সেখানে তার দেশের পরিচয় কেন গুরুত্বপূর্ণ হয়ে উঠল? বাংলাদেশ, ভারত, পাকিস্তান বা নেপাল—এসব দেশের নাম কোথা থেকে এল? সময় হলে আমি নিজেই সব জানাব।’
চলতি বছরের ফেব্রুয়ারিতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি পোস্টের পর থেকেই নীহার বিয়ে নিয়ে ভক্তদের মধ্যে কৌতূহল তৈরি হয়।
সোমবার তিনি ফেসবুকে জানান, তিনি এনগেজড। এরপর বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়, তার হবু স্বামী পাকিস্তানের নাগরিক। কোথাও কোথাও দাবি করা হয়, কয়েক মাস আগে দেশের বাইরে ভ্রমণের সময় তাদের পরিচয় হয় এবং পরে দুই পরিবারের সম্মতিতে বিয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে এসব দাবির সত্যতা নিশ্চিত করেননি নীহা। শুধু এনগেজমেন্টের বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, হবু স্বামীর পরিচয় যথাসময়ে নিজেই প্রকাশ করবেন।
নীহার ভাষ্য, ‘এনগেজড হওয়ার বিষয়টি আমি নিজেই জানিয়েছি। ঠিক একইভাবে উপযুক্ত সময়ে কার সঙ্গে এনগেজড হয়েছি, সেটিও সবাই জানতে পারবেন।’
