

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে অনুষ্ঠিত গণভোটের ফলাফলে গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে নির্বাচন কমিশন। সংবিধান সংস্কার বা ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়নের জন্য অনুষ্ঠিত এই গণভোটে ‘হ্যাঁ’ ও ‘না’ ভোট উভয়ের সংখ্যায় হ্রাস এসেছে। সংশোধনী আনার পর নির্বাচন কমিশন নতুন করে গেজেট প্রকাশ করেছে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত অতিরিক্ত গেজেটের মাধ্যমে এ সংশোধনীর তথ্য জানানো হয়।
নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর জনগণের সার্বভৌম ক্ষমতা প্রয়োগের উদ্দেশ্যে ‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫’ এবং সংবিধান সংস্কারের প্রস্তাবের বিষয়ে জনগণের সম্মতি যাচাই করতে ১২ ফেব্রুয়ারি গণভোট অনুষ্ঠিত হয়। প্রথম প্রকাশিত গেজেটে হ্যাঁ ভোটের সংখ্যা ৪ কোটি ৮২ লাখ ৬৬ হাজার ৬৬০, না ভোটের সংখ্যা ২ কোটি ২০ লাখ ৭১ হাজার ৭২৬ এবং মোট ভোটের সংখ্যা ৭ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ২৩ জন হিসেবে জানানো হয়েছিল। এ ভোটের মধ্যে বাতিল হয়েছে ৭৪ লাখ ২২ হাজার ৬৩৭ জন।
সংশোধিত গেজেট অনুযায়ী, হ্যাঁ ভোটের সংখ্যা ৪ কোটি ৭২ লাখ ২৫ হাজার ৯৮০ জন, না ভোটের সংখ্যা ২ কোটি ১৯ লাখ ৬০ হাজার ২৩১ জন এবং মোট ভোটের সংখ্যা ৭ কোটি ৬৬ লাখ ২১ হাজার ৪০৭ জন। বাতিল ভোটের সংখ্যা ৭৪ লাখ ৩৫ হাজার ১৯৬ জন। বাতিল ভোট বাদ দিলে বৈধ ভোটের সংখ্যা দাঁড়িয়েছে ৬ কোটি ৯১ লাখ ৮৬ হাজার ২১১ জন।
ফলাফল বিশ্লেষণ করলে দেখা গেছে, হ্যাঁ ভোটের সংখ্যা আগের তুলনায় ৯ লাখ ৭৪ হাজার ৬৮০টি কমেছে। না ভোটের সংখ্যা কমেছে ১ লাখ ১১ হাজার ৪৯৫টি। বৈধ ভোট কমলেও বাতিল ভোটের সংখ্যা ১২ হাজার ৫৫৯টি বেড়েছে। সর্বমোট প্রদত্ত ভোটের সংখ্যা ১০ লাখ ৭৩ হাজার ৬১৬টি কমেছে।
নির্বাচন কমিশন সংশোধনের নির্দিষ্ট কারণ উল্লেখ করেনি। কেবল জানানো হয়েছে, কমিশনের আদেশক্রমেই সংশোধিত গেজেট প্রকাশ করা হয়েছে।
মন্তব্য করুন

