রবিবার
০৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
০৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

হাদি হত্যার বিচার স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রশ্নের সঙ্গেও যুক্ত: জাবের

কুবি প্রতিনিধি
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৬, ০৯:৫৮ পিএম
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক আবদুল্লাহ আল জাবের।
expand
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক আবদুল্লাহ আল জাবের।

শহীদ শরীফ ওসমান হাদির হত্যার বিচার শুধু হাদির জন্য নয়, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নের সঙ্গেও যুক্ত বলে মন্তব্য করেছেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক আবদুল্লাহ আল জাবের।

শনিবার (৮ আগস্ট) বিকেল ৩টায় কুমিল্লা নগরীর রাজগঞ্জ এলাকার ক্যাপসিকাম পার্টি সেন্টারে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ইনকিলাব মঞ্চ আয়োজিত ‘জুলাইয়ের বিজয়গাথা ও বাংলাদেশপন্থী সংস্কৃতির নবযাত্রা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

আবদুল্লাহ আল জাবের বলেন, “শহীদ শরীফ ওসমান হাদির হত্যার বিচার শুধু হাদির জন্য নয়; এটি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নের সঙ্গেও যুক্ত। এই হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করতে না পারলে আমরা দীর্ঘদিন নানা তত্ত্বের কথা বলে যাব, কিন্তু প্রকৃত সত্য সামনে আসবে না।”

তিনি বলেন, জুলাই নিয়ে আগামী পাঁচ বছরে অন্তত ১০০টি মানসম্মত কাজ করার লক্ষ্য রয়েছে। আগামী ছয় মাসের মধ্যে জুলাই নিয়ে অন্য যেকোনো প্রকাশনীর চেয়ে বেশি বই প্রকাশেরও লক্ষ্য রয়েছে বলে জানান তিনি।

জাবের আরও বলেন, ভারতীয় বা কলকাতাকেন্দ্রিক ন্যারেটিভের বিপরীতে বাংলাদেশের আজাদীর গল্প, নিজস্ব সংস্কৃতি ও ইতিহাসকে সিনেমা এবং অন্যান্য মাধ্যমে তুলে ধরতে চান তারা। বাংলাদেশকে ভালোবাসেন এবং বাংলাদেশের নিজস্ব সংস্কৃতি নির্মাণ করতে চান—এমন মানুষদের একটি জায়গায় ঐক্যবদ্ধ হওয়ার প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।

ইনকিলাব মঞ্চের বিভিন্ন কার্যক্রম বন্ধ করতে বিভিন্ন জায়গা থেকে চাপ সৃষ্টি করা হচ্ছে দাবি করে জাবের বলেন, “সব প্রতিবন্ধকতা মোকাবিলা করে আমরা সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। আমরা মনে করি, শুধু অবকাঠামো থাকলেই সাংস্কৃতিক কাজ করা যায় না; কাজ করার জন্য মানুষের প্রয়োজন। তাই ইনকিলাব কালচারাল সেন্টারকে ঘিরে কোনো প্রতিবন্ধকতা থাকলে আমরা সেটি ছেড়ে দিয়ে মানুষের শক্তিকে কাজে লাগাতে চাই।”

আলোচনা সভায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মুতাসিম বিল্লাহ, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক মশিউর রহমান, কুমিল্লা মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. মো. আরিফ মোর্শেদ খান, অভিনেতা আসাদুজ্জামান আসাদ, কাসীদার লিড ভোকালিস্ট আহমেদ আতাউল্লাহ সালমানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন