

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) জুলাই-৩৬ আবাসিক হলে ছাত্রীদের ব্যক্তিগত ছবি তাদের অনুমতি ছাড়া লন্ডনপ্রবাসী প্রেমিকের কাছে পাঠানোর ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে অভিযুক্তের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশক্তি।
শুক্রবার (৭ আগস্ট) এক যৌথ বিবৃতিতে এ দাবি জানান সংগঠনটির শাখা আহ্বায়ক ফুয়াদ হাসান ও সদস্যসচিব ইফতেখার উদ্দিন মো. তামিম।
বিবৃতিতে বলা হয়, শিক্ষার্থীদের ব্যক্তিগত গোপনীয়তা, নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় ঘটনাটির দ্রুত, নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত করতে হবে। অভিযোগ প্রমাণিত হলে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত বিধি অনুযায়ী অভিযুক্তের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।
আবাসিক হলগুলোতে শিক্ষার্থীদের নিরাপত্তা ও ব্যক্তিগত গোপনীয়তা নিশ্চিতে বিবৃতিতে কয়েকটি দাবি উত্থাপন করেছে সংগঠনটি। দাবিগুলো হলো— অভিযোগটি দ্রুত তদন্ত করে দোষী প্রমাণিত হলে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা; ক্যাম্পাস ও আবাসিক হলগুলোতে যৌন হয়রানি, সাইবার বুলিং, স্লাট-শেমিং এবং ব্যক্তিগত ছবি বা তথ্য অননুমোদিতভাবে প্রচার প্রতিরোধে কঠোর ব্যবস্থা নেওয়া; প্রতিটি আবাসিক হলে প্রভোস্ট ও আবাসিক শিক্ষকদের নিয়মিত উপস্থিতি এবং শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও গোপনীয় অভিযোগ জানানোর ব্যবস্থা নিশ্চিত করা; এবং ছাত্রীদের ডিজিটাল নিরাপত্তা ও ব্যক্তিগত গোপনীয়তা রক্ষায় নিয়মিত সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা। এ ছাড়া কোনো শিক্ষার্থীর ব্যক্তিগত ছবি বা ভিডিও তার অনুমতি ছাড়া ধারণ, সংরক্ষণ, প্রচার বা হয়রানির উদ্দেশ্যে ব্যবহার করলে অভিযুক্ত ব্যক্তি যেই হোক, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে বিবৃতিতে।
বিবৃতিতে আরও বলা হয়, ছাত্রশক্তি মনে করে, শিক্ষার্থীদের ব্যক্তিগত মর্যাদা ও নিরাপত্তার সঙ্গে কোনো ধরনের আপস করা যাবে না। একই সঙ্গে তদন্তের নামে কোনো শিক্ষার্থীর ব্যক্তিগত তথ্য বা পরিচয় প্রকাশ করে তাকে নতুন করে হয়রানির শিকার করা থেকেও বিরত থাকতে হবে বলে জানিয়েছে সংগঠনটি।