মঙ্গলবার
২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পোস্টার লাগানোকে কেন্দ্র করে ছাত্রদল-শিবির সংঘর্ষ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৬, ০৪:১৭ পিএম আপডেট : ০৪ আগস্ট ২০২৬, ০৪:৩১ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

পোস্টার লাগানোকে কেন্দ্র করে ঢাকা কলেজে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।

ছাত্রশিবিরের দাবি, তাদের অন্তত ২০ জন নেতাকর্মী আহত হয়েছেন এবং একজনের মাথায় গুরুতর আঘাত লেগেছে। অন্যদিকে, ছাত্রদল অভিযোগ করেছে, শিবির পরিকল্পিতভাবে তাদের নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে।

মঙ্গলবার দুপুর ১২টা ৪৫ মিনিটে জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা কলেজ শাখার উদ্যোগে ‘জুলাই অভ্যুত্থানের প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক আলোচনা সভা এবং জুলাইয়ে আহতদের সম্মাননা অনুষ্ঠান উপলক্ষে নেতাকর্মীরা কলেজের গ্যালারি-০২-এর সামনে পোস্টার লাগাচ্ছিলেন। অনুষ্ঠানটি দুপুর ২টায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা তাদের ওপর অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ করেছে ছাত্রশিবির।

ঢাকা কলেজ শাখা ছাত্রশিবিরের অর্থ সম্পাদক মামুন শেখ বলেন, “আমাদের আগে থেকেই পূর্বঘোষিত ‘জুলাই অভ্যুত্থানের প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক একটি কর্মসূচি ছিল। আমাদের নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে গ্যালারি-০২-এর সামনে পোস্টার লাগাচ্ছিলেন। এমন সময় ছাত্রদলের নেতাকর্মীরা অতর্কিত হামলা চালায়। এতে আমাদের প্রায় ২০ জন নেতাকর্মী আহত হন। এছাড়া একজনের মাথা ফেটে যায়।”

ছাত্রশিবিরের দাবি, হামলায় মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত ব্যক্তি ঢাকা কলেজ শাখা ছাত্রশিবিরের অর্থ সম্পাদক আব্দুল মালেক। পরে তাকে দ্রুত পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

অভিযোগ রয়েছে, প্রথম দফার ঘটনার পর দুপুর দেড়টার দিকে ছাত্রদলের নেতাকর্মীরা ঢাকা কলেজের আবাসিক হল এলাকায় অবস্থান নেন। পরে অডিটোরিয়ামে কিছুক্ষণ অবস্থান করার প্রায় ২০ মিনিট পর কলেজের মূল ফটকের সামনে ছাত্রশিবিরের নেতাকর্মীদের সঙ্গে আবারও সংঘর্ষে জড়ান।

অন্যদিকে, ক্যাম্পাসের মূল ফটকের সামনে অবস্থান নিয়ে ঢাকা কলেজ শাখা ছাত্রদলের সদস্যসচিব মিল্লাদ হোসেন বলেন, ‘আজ সকালে শিবির সুপরিকল্পিতভাবে আমাদের ভাইদের হত্যার উদ্দেশ্যে আক্রমণ করে। আমরা আমাদের কর্মী ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে এখানে অবস্থান নিয়েছি। সন্ত্রাসীদের কোনো কার্যক্রম এ ক্যাম্পাসে চলতে দেওয়া হবে না। আমরা শিবিরের সন্ত্রাসীদের প্রতিহত করব। কোনোভাবেই এই ক্যাম্পাসে তাদের রাজনীতি করতে দেওয়া হবে না।’

এ সময় ছাত্রদলের নেতাকর্মীদের লাঠিসোঁটা হাতে ঢাকা কলেজের মূল ফটকের সামনে অবস্থান করতে দেখা যায়। এছাড়া, সাংবাদিকদের কোনো ধরনের ভিডিও ফুটেজ ধারণ করতে দেওয়া হয়নি বলেও অভিযোগ ওঠে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন