

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ফিফা বিশ্বকাপের রাউন্ড অব সিক্সটিনে নরওয়ের কাছে ব্রাজিলের ২-১ গোলের পরাজয়ের পর জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) ঘটে এক মানবিক ঘটনা। প্রিয় দলের হার মেনে নিতে না পেরে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন ব্রাজিল সমর্থক দুই শিক্ষার্থী। এ সময় প্রতিদ্বন্দ্বী দলের সমর্থক হয়েও তাদের একজনকে দ্রুত হাসপাতালে পৌঁছে দেন এক আর্জেন্টিনা সমর্থক সহপাঠী।
অসুস্থ শিক্ষার্থীরা হলেন বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের ব্রাজিল ফ্যান ক্লাবের সহসভাপতি মাশরুফা শারমীন এ্যানি এবং সভাপতি কামরুল হাসান তুষার। বর্তমানে প্রাথমিক চিকিৎসা শেষে দুজনই সুস্থ রয়েছেন।
জানা যায়, সোমবার (৬ জুলাই) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এলইডি টিভিতে খেলা দেখার সময় ব্রাজিলের পরাজয় নিশ্চিত হওয়ার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এ্যানি। রক্তচাপ কমে মাথা ঘুরে পড়ে যাওয়ার পাশাপাশি তিনি পরপর পাঁচবার বমি করেন। পরিস্থিতি গুরুতর হয়ে উঠলে তারই সহপাঠী ও আর্জেন্টিনা সমর্থক নাইমুল ইসলাম মঈন নিজের মোটরসাইকেলে করে দ্রুত তাকে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা ইনজেকশন, স্যালাইন ও প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করেন। বর্তমানে তিনি শঙ্কামুক্ত।
একই সময়ে অসুস্থ হয়ে পড়েন বিভাগের ব্রাজিল ফ্যান ক্লাবের সভাপতি কামরুল হাসান তুষারও। পরে তাকেও ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ছেড়ে দেওয়া হয় এবং বর্তমানে তিনিও সুস্থ আছেন।
ঘটনার বিষয়ে নাইমুল ইসলাম মঈন বলেন, “আমরা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বসে বড় পর্দায় খেলা দেখছিলাম। নরওয়ে প্রথম গোল করার পরই এ্যানি অসুস্থ হয়ে পড়ে এবং বমি শুরু করে। দ্বিতীয় গোলের পর তার শারীরিক অবস্থার আরও অবনতি হয়। তাই সময় নষ্ট না করে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাই।”
ফুটবল মাঠে ব্রাজিল-আর্জেন্টিনার তীব্র প্রতিদ্বন্দ্বিতা প্রসঙ্গে মঈন বলেন, ফুটবল নিয়ে প্রতিদ্বন্দ্বিতা থাকবেই। কিন্তু সবার আগে আমরা একই দেশের মানুষ এবং একে অপরের সহপাঠী। মানবিকতা ও বন্ধুত্ব সব প্রতিদ্বন্দ্বিতার ঊর্ধ্বে।