রবিবার
০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

‘জাতীয়তাবাদী সাইবার দল’ বিএনপির সংগঠন নয়

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ০৫ জুলাই ২০২৬, ০৮:২৭ পিএম
বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দল লোগো।
expand
বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দল লোগো।

‘বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দল’ নামে বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠনের কোনো অনুমোদিত ইউনিট নেই। দলটির পক্ষ থেকে বিভিন্ন সময় স্পষ্ট করে জানানো হয়েছে, বিএনপির নাম, প্রতীক, দলটির প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও তারেক রহমানের নাম ব্যবহার করে ভুঁইফোঁড় কিছু সংগঠন দলটির ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে। বিশেষ করে ৫ আগস্টের পর এসব সংগঠনের নাম ব্যবহার করে চাঁদাবাজি, দখল ও নানা অনিয়মের অভিযোগ আছে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দল’ নামে একটি সংগঠনের পরিচয়ে বিভিন্ন কার্যক্রম ও পদ-পদবির প্রচারণা দেখা যাচ্ছে। তবে বিএনপির অনুমোদিত সংগঠনের তালিকায় এ নামে কোনো সংগঠনের অস্তিত্ব নেই। এছাড়া ‘জাতীয়তাবাদী সাইবার দল’ বিএনপির সংগঠন নয় বলেও জানিয়েছেন দলটির নেতারা।

এর আগে বিএনপির পক্ষ থেকে সতর্ক করে একাধিকবার বিজ্ঞপ্তি দেয়া হয়েছে। তাতে বলা হয়েছে, দল ও দলের অঙ্গ-সহযোগী সংগঠনের নাম ব্যবহার করে ভুঁইফোঁড় সংগঠন গঠন, কমিটি ঘোষণা কিংবা পদ-পদবি ব্যবহার করে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে। এসব কর্মকাণ্ড থেকে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে দলটি।

অভিযোগ রয়েছে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দল’ সংগঠনটির নামে বিভিন্ন জেলা, উপজেলা ও ইউনিট পর্যায়ে পদ-পদবি দেওয়ার আশ্বাস দিয়ে অর্থ আদায়ের চেষ্টা করা হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও এ ধরনের কার্যক্রমের প্রচারণা চালানো হচ্ছে। যারা সংগঠনটি পরিচালনা করছেন তাদের দাবি বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমান সংগঠনটির নেতৃত্ব দিচ্ছেন।

নরসিংদী মনোহরদীর ভুক্তভুগী আব্দুর রহমান বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দল’ নামে একটি সংগঠন মনোহরদীতে সম্প্রতি বিভিন্ন ইউনিয়নে কমিটি দেয়া হয়েছে। কমিটিতে পদ দেয়ার নামে অনেকের নিকট থেকে অর্থ হাতিয়ে নেয়া হয়েছে। আর্থিক লেনদেন নিয়ে বিতর্কিত হওয়ায় কমিটি থেকে অনেককে বাদ দেয়া হয়েছে বলেও অথিযোগ করেন তিনি।

এ বিষয়ে বিএনপির সংশ্লিষ্ট নেতারা জানিয়েছেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দল’ নামে দলের কোনো অনুমোদিত সংগঠন নেই। তারা নেতাকর্মীদের এমন কোনো সংগঠনের সঙ্গে সম্পৃক্ত না হওয়ার এবং অর্থ লেনদেন থেকে বিরত থাকার আহ্বান জানান। একই সঙ্গে, কেউ বিএনপির নাম ব্যবহার করে প্রতারণা করলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও জানান তারা।

বিএনপি ও দলের অনুমোদিত ১১টি অঙ্গ ও সহযোগী সংগঠন রয়েছে। যথাক্রমে- বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, জাতীয়তাবাদী ছাত্রদল, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, জাতীয়তাবাদী শ্রমিক দল, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল, জাতীয়তাবাদী কৃষক দল, জাতীয়তাবাদী মহিলা দল, জাতীয়তাবাদী ওলামা দল, জাতীয়তাবাদী মৎস্যজীবী দল, জাতীয়তাবাদী তাঁতী দল এবং জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) ব্যতীত অন্য কোনো অনুমোদিত সংগঠন নাই।

বিএনপির নির্বাহী কমিটির সদস্য (দপ্তরে দায়িত্বপ্রাপ্ত) তারিকুল ইসলাম তেনজিং এনপিবি নিউজকে বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দল’ নামে বিএনপির কোনো সংগঠন নেই। বিএনপির নামে বিভিন্ন সংগঠন তৈরি হয়েছে। এনিয়ে বিএনপির পক্ষ থেকে বিজ্ঞপ্তিও দেয়া হয়েছে। বিএনপির নাম দিয়ে যদি কেউ কোনো সংগঠন খুলে থাকেন তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

‘বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দল’ নামে বিএনপির কোনো সংগঠন নেই বলে জানিয়েছেন বিএনপির সহ- দপ্তর সম্পাদক মো. মুনির হোসেন। তিনি এনপিবি নিউজকে বলেন, বিএনপির নাম দিয়ে কোনো সংগঠন খুলেছে এমন তথ্য পেলে ব্যবস্থা নেয়া হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Brazil VS Norway
Scheduled
06 Jul, 02:00 AM
VS
World Cup