

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নরওয়ের বিপক্ষে বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে পেনাল্টি মিস করে ব্রাজিলের বিদায়ে অনিচ্ছাকৃতভাবে বড় ভূমিকা রেখেছেন ব্রুনো গিমারাইস। ম্যাচ শেষে হতাশা প্রকাশের পাশাপাশি নিজের ভুলের দায় স্বীকার করে সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন ব্রাজিলের এই মিডফিল্ডার।
রোববার (৫ জুলাই) যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।
ম্যাচের শুরুতেই দলকে এগিয়ে নেওয়ার সুবর্ণ সুযোগ পেয়েছিলেন ব্রুনো গিমারাইস। গোলশূন্য অবস্থায় পাওয়া পেনাল্টি থেকে গোল করতে পারলে ম্যাচের মোড় ঘুরে যেতে পারত। তবে তার নেওয়া শট দুর্দান্ত দক্ষতায় রুখে দেন নরওয়ের গোলরক্ষক।
ম্যাচ শেষে মিশ্র সংবাদ সম্মেলন এলাকায় ব্রুনো বলেন, ‘আমার মনে হয়, পুরো বিশ্বকাপেই আমি ভালো খেলেছি। কিন্তু পেনাল্টিটা নিতে গিয়ে দুর্ভাগ্যজনকভাবে ব্যর্থ হয়েছি। আমি তাদের গোলরক্ষককে নিয়ে অনেক পড়াশোনা করেছিলাম।
আমার মনে হয়েছিল, ওই দিকেই শট নেওয়াই সবচেয়ে ভালো হবে। কিন্তু সে বলটি ঠেকিয়ে দিয়েছে। এটা পুরো দলের জন্যই খুব কষ্টের। সবাই খুবই হতাশ।’
পেনাল্টি নেওয়ার আগে বলটি ভিনিসিয়ুস জুনিয়রের হাতে ছিল। পরে তিনি সেটি ব্রুনোর হাতে তুলে দেন। কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে না পারায় ম্যাচের অন্যতম টার্নিং পয়েন্ট হয়ে ওঠে পেনাল্টি মিসটি।
নিজের ভুলের দায় এড়িয়ে না গিয়ে সমর্থকদের উদ্দেশে ব্রুনো বলেন, ‘আমি সমর্থকদের কাছে ক্ষমা চাইতে চাই। তারা সব সময় আমাদের বিশ্বাস করেছে, শেষ মুহূর্ত পর্যন্ত পাশে থেকেছে। আজকের দিনটি এতটাই কঠিন যে কী বলব, সেটাই খুঁজে পাচ্ছি না। যা ঘটেছে, তা নিয়ে আমি ভীষণ কষ্ট পেয়েছি। এখন আমাদের পরিবারের কাছ থেকেই শক্তি খুঁজে নিতে হবে। কারণ সামনে কঠিন একটা সময় অপেক্ষা করছে।’
ব্রাজিলের বিদায়ের পর ব্রুনো গিমারাইসের পেনাল্টি মিস নিয়ে ব্যাপক আলোচনা চলছে। তবে কঠিন এই সময়ে নিজের দায় স্বীকার করে প্রকাশ্যে ক্ষমা চাওয়ায় অনেকেই তার পেশাদার মনোভাবের প্রশংসা করছেন।

