

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক কল্যাণাংশু নাহাকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে অংশ নেওয়া এবং বিশ্ববিদ্যালয়ের চাকরি বিধির পরিপন্থী কর্মকান্ডের অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৬ জুন 'বাংলাদেশ ইউনিভার্সিটি প্রোগ্রেসিভ টিচার্স সোসাইটি' নামের একটি টেলিগ্রাম গ্রুপে অনুষ্ঠিত ভার্চুয়াল সভায় মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বের সঙ্গে অংশ নেন কল্যাণাংশু নাহা। ওই বৈঠকে তিনি বর্তমান নির্বাচিত সরকারকে উৎখাতের পরিকল্পনা এবং নিজ রাজনৈতিক আদর্শের সরকার প্রতিষ্ঠার করণীয় বিষয়ে বক্তব্য দেন বলে অভিযোগ করা হয়েছে। যা জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় আইন ২০০৬ এর ধারা ৪৩ (৪) এবং Jatiya Kabi Kazi Nazrul Islam University Employees (Efficiency & Discipline) Statutes অনুযায়ী শৃঙ্খলা ভঙ্গের সামিল।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, এ ধরনের কর্মকাণ্ড বিশ্ববিদ্যালয়ের চাকরি বিধির পরিপন্থী এবং শৃঙ্খলাভঙ্গের শামিল হওয়ার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এই সংক্রান্ত একটি ভিডিও ও অডিও রেকর্ড বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিকট সংরক্ষিত রয়েছে বলে জানা গেছে।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে কল্যাণাংশু নাহা বলেন, “চিঠিটি বিভাগে পৌঁছেছে বলে জেনেছি। আমি এখনও হাতে পাইনি। এ বিষয়ে আমার কোনো বক্তব্য নেই।”
যোগাযোগ করা হলে রেজিস্ট্রার দপ্তরের অতিরিক্ত পরিচালক খন্দকার নাজমুল হাসান মুঠোফোনে জানান, "গত সপ্তাহে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. মিজানুর রহমান ছুটিতে থাকায় আমি দায়িত্ব পালন করেছি। তবে আজ শনিবার সরকারি ছুটির দিন হওয়ায় এ বিষয়ে দাপ্তরিক কোনো বক্তব্য দিতে পারছি না।"
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোশাররফ হোসেন বলেন, "বিশ্ববিদ্যালয়ের নীতিমালা অনুযায়ী কোনো কর্মকর্তা, কর্মচারী বা শিক্ষক রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে যুক্ত থাকতে পারবেন না। তিনি নিষিদ্ধ রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে যুক্ত হয়ে এমন কনভারসেশন করেছেন, যা আমাদের নজরে এসেছে। তাই বিষয়টি সুষ্ঠুভাবে তদন্ত করার স্বার্থে আমরা তাকে সাময়িক বরখাস্ত করেছি। ইতিমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, যা আগামীকাল রবিবার চিঠি ইস্যু করে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে।"
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, অভিযোগের বিষয়ে তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
