

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


অধ্যাপক ড. এম এম শরীফুল করীমকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) নতুন উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী চার বছরের জন্য তিনি এই পদে দায়িত্ব পালন করবেন। তিনি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক।
বৃহস্পতিবার (১৪ মে) শিক্ষা মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
অধ্যাপক ড. শরীফুল করীম ১৯৭১ সালে কুমিল্লা নগরীর ধর্মসাগরপাড় এলাকায় জন্মগ্রহণ করেন। তার বাবা মরহুম আব্দুল করীম মজুমদারের আদি নিবাস সদর দক্ষিণ উপজেলার ঐতিহাসিক শীষপুর সাহেব বাড়িতে। পরবর্তীতে তাদের পরিবার চৌয়ারার মাটিয়ারায় স্থায়ীভাবে বসবাস শুরু করে।
শিক্ষাজীবনে মেধার স্বাক্ষর রাখা শরীফুল করীম চট্টগ্রাম গভর্নমেন্ট হাই স্কুল থেকে এসএসসি এবং কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন। এরপর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। উচ্চশিক্ষার ধারাবাহিকতায় তিনি মালয়েশিয়ার ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়া (আইআইইউএম) থেকে ‘পোস্ট-কলোনিয়াল লিটারেচার’-এর ওপর পিএইচডি ডিগ্রি লাভ করেন।
১৮তম বিসিএসে শিক্ষা ক্যাডারে উত্তীর্ণ হয়ে তিনি শিক্ষকতা পেশায় যোগ দেন। দীর্ঘদিন আনন্দমোহন কলেজের ইংরেজি বিভাগে শিক্ষকতা করার পর ২০০৭ সালে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠালগ্নে সহকারী অধ্যাপক হিসেবে ইংরেজি বিভাগে যোগদান করেন। একই সঙ্গে তিনি বিভাগের প্রতিষ্ঠাকালীন বিভাগীয় প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেন।
শিক্ষকতার পাশাপাশি তিনি বিভাগীয় প্রধান, কলা অনুষদের ডিন, সিন্ডিকেট সদস্য, হল প্রভোস্ট এবং ভর্তি কমিটির অনুষদ প্রধানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্ব পালন করেছেন। এছাড়াও দেশের বিভিন্ন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সদস্য, বিভাগীয় এডভাইজর, কারিকুলাম কমিটির সদস্য এবং নিয়োগ বোর্ডের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন।
অধ্যাপক ড. শরীফুল করীম জাতীয়তাবাদী শিক্ষক সংগঠন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)-এর কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্ব পালন করে আসছেন। গবেষণা ক্ষেত্রেও তার রয়েছে দেশি-বিদেশি বিভিন্ন জার্নালে গুরুত্বপূর্ণ প্রকাশনা।
উপাচার্য হিসেবে নিয়োগ পাওয়ার পর তিনি বলেন, আমাকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নির্বাচিত করায় মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় শিক্ষামন্ত্রী, আমার প্রাণের সংগঠন ইউট্যাবসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। সরকার আমাকে যে দায়িত্ব দিয়েছে, তা নিষ্ঠার সঙ্গে পালন করাই আমার একমাত্র কর্তব্য বলে মনে করি। এক্ষেত্রে সকলের সহযোগিতা কম্য।