বৃহস্পতিবার
১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নোবিপ্রবিতে ছাত্রলীগের ‘সন্ত্রাসীদের’ শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে: নাছির

নোবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ : ২৪ মার্চ ২০২৬, ০৮:৩৭ পিএম
ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির। 
expand

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) আওয়ামী লীগ আমলে যোগ্যতা উপেক্ষা করে শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির।

তিনি দাবি করেন, ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালনকারী এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদেরও শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

সোমবার (২৩ মার্চ) নোয়াখালী প্রেসক্লাব মিলনায়তনে ঈদ-পরবর্তী শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

নাছির উদ্দিন বলেন, “নোবিপ্রবিতে আওয়ামী লীগ রেজিমে অনেক শিক্ষক নিয়োগ হয়েছে। যাদের আমি চিনতাম, তারা ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেছেন, সন্ত্রাসী কার্যক্রম করেছেন। পরে তাদেরই বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।”

যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে তিনি আরও বলেন, “আমি এমন একজনকেও চিনি, যাকে আমরা বন্ধুরা মিলে পরপর দুটি টিউশনি দিয়েছিলাম। কিন্তু পড়াতে না পারায় তাকে বাদ দিতে হয়েছিল। পরে দীর্ঘদিন পর দেখা হলে তিনি জানান, তিনি নোবিপ্রবিতে শিক্ষকতা করছেন।”

তিনি দাবি করেন, যোগ্যতার ভিত্তিতে নয়, বরং প্রভাব খাটিয়ে এসব নিয়োগ দেওয়া হয়েছে, যা বিশ্ববিদ্যালয়ের মান ক্ষুণ্ন করছে।

নোবিপ্রবিকে ‘নোয়াখালীর গর্বের প্রতিষ্ঠান’ উল্লেখ করে ছাত্রদলের এই নেতা বলেন, “আমাদের সময়ে আমরা সবচেয়ে যোগ্য শিক্ষকদের নিয়োগ দিতে চাই। যতজন প্রার্থী থাকবেন, তাদের মধ্যে থেকে সেরাকে বেছে নেওয়া হবে। আমরা এমন একটি বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে চাই, যেখানে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া হবে সবচেয়ে শক্তিশালী ও স্বচ্ছ।”

এসময় তিনি জেলায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দকে অনুসন্ধানী প্রতিবেদনের মাধ্যমে বিগত ফ্যাসিবাদী আমলে কোন যোগ্যতায় এসব শিক্ষক কীভাবে নিয়োগ পেয়েছে, তা জাতির সামনে তুলে ধরতে অনুরোধ জানান।

দৈনিক জনকণ্ঠের জেলা প্রতিনিধি শাহাদাত বাবুর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট এ. বি. এম জাকারিয়া, সদস্য অ্যাডভোকেট রবিউল হাসান পলাশ এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান। সভায় জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সিনিয়র সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank