রবিবার
০৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
০৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কওমি শিক্ষানীতি ঢেলে সাজানোর আহ্বান

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৬, ০৫:২৬ এএম আপডেট : ০৯ আগস্ট ২০২৬, ০৫:৩৫ এএম
ছবি: এনপিবি
expand
ছবি: এনপিবি

দেশের সর্বস্তরের মানুষের নৈতিক অবক্ষয় রোধ ও ধর্মীয় মূল্যবোধের ঘাটতি পূরণে কওমি সনদের বাস্তবায়ন এবং শিক্ষানীতিকে ঢেলে সাজানোর আহ্বান জানিয়েছেন খেলাফত মজলিস মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।

একইসঙ্গে তিনি দেশের সকল স্তরে ধর্মীয় শিক্ষা সংযোজনের আহ্বানও জানান।

শনিবার (৮ আগস্ট) রাজধানীর রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের ১৩ দফা শিক্ষা দাবি আদায়ের লক্ষ্যে আয়োজিত গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় বৈঠকে সভাপতিত্ব করেন, ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ রায়হান আলী।

ড. আহমদ আবদুল কাদের বলেন, কওমি শিক্ষার্থীরা দেশে বড় সম্পদ। তাদের মাধ্যমে গোটা জাতি উপকৃত হতে পারে, সে জন্য কওমি সনদের বাস্তবায়ন এবং এই শিক্ষানীতিকে ঢেলে সাজানো জরুরি।

এ সময় তিনি সম্প্রতি বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চলমান ছাত্র রাজনীতির দুদলের সংঘর্ষের কথা উল্লেখ করে উদ্বেগ প্রকাশ করেন এবং সুষ্ঠু সমাজ ও ক্যাম্পাস বিনির্মাণে এসব বন্ধের আহ্বান জানান।

সেক্রেটারি জেনারেল জাকারিয়া হোসাইন জাকিরের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড. আব্দুল লতিফ মাসুম, খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমীর মাওলানা সাখাওয়াত হোসাইন, ইসলামী ঐক্য আন্দোলনের আমীর ড. মাওলানা ঈসা শাহেদী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগের অধ্যাপক ড. মুফতি গোলাম রব্বানী, খেলাফত মজলিসের নায়েবে আমীর মাওলানা আহমদ আলী কাসেমী, ইসলামিক ফাউন্ডেশনের যাকাত বিভাগের চেয়ারম্যান ড. মাওলানা ওয়ালিউর রহমান খান, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট একেএম বদরুদ্দোজা, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক ড. একেএম এনামুল হক, ইসলামিক স্কলার শায়খ মাওলানা আবু মোহাম্মদ রাহমানী, সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা রুহুল আমিন সাদী প্রমুখ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন