

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


এইচএসসি ও সমমানের পরীক্ষা-সংক্রান্ত দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই শিক্ষা ভবনের সামনে থেকে অবস্থান কর্মসূচি প্রত্যাহার করেছেন। তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।
বুধবার (১৫ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে শিক্ষা ভবনের সামনে প্রায় দেড় ঘণ্টা অবস্থান শেষে শিক্ষার্থীরা সড়ক ছেড়ে যান। তাদের সরে যাওয়ার পর সচিবালয় ও শিক্ষা ভবনসংলগ্ন সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
এর আগে বিকেল সাড়ে ৪টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীরা পূর্বঘোষিত ‘লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচির অংশ হিসেবে শিক্ষা ভবনের সামনে পৌঁছান। সেখানে পুলিশি ব্যারিকেডের মুখে পড়ে তারা অবস্থান নেন এবং বিভিন্ন দাবির পক্ষে স্লোগান দেন।
আন্দোলনকারীদের দাবি-দাওয়া নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার সম্ভাবনা থাকলেও শেষ পর্যন্ত কোনো বৈঠক অনুষ্ঠিত হয়নি। শিক্ষার্থীদের কোনো প্রতিনিধিও এ সময় শিক্ষা মন্ত্রণালয়ে প্রবেশ করেননি।
পরে আন্দোলনকারীরা কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়ে শিক্ষা ভবন এলাকা ত্যাগ করেন। তারা জানান, পরবর্তী কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় অবস্থান নেবেন।
এর আগে একই দাবিতে রাজধানীর উত্তরা, সায়েন্সল্যাব, মিরপুর-১০ ও ইসিবি চত্বরে সড়ক অবরোধ করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। বিকেল ৩টার দিকে সায়েন্সল্যাব থেকে তারা মিছিল নিয়ে সচিবালয়ের উদ্দেশে লংমার্চ শুরু করেন। মিছিলের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে দেখা যায়।
শিক্ষার্থীদের দাবির মধ্যে রয়েছে—দুর্যোগপূর্ণ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত রাখা, বৈরী আবহাওয়ার কারণে পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার সুযোগ দেওয়া এবং প্রশ্নপত্র-সংক্রান্ত জটিলতার সমাধান।
দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা।
উল্লখ্য, দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে এইচএসসি ও সমমান পরীক্ষা গ্রহণ এবং পরীক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ সম্বোধন করা হয়েছে অভিযোগ তুলে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে গতকাল মঙ্গলবার (১৪ জুলাই) রাজধানী ঢাকা, চট্টগ্রাম, বরিশালসহ দেশের বিভিন্ন জেলায় সড়ক অবরোধ করেন পরীক্ষার্থী। ওইদিন বেলা ১১টার দিকে পূর্বঘোষণা অনুযায়ী শিক্ষার্থীরা রাজধানী সায়েন্সল্যাব মোড় সড়ক অবরোধ করেন। এতে ঢাকার গুরুত্বপূর্ণ কয়েকটি স্থানে যান চলাচল ব্যাহত হয়।