সোমবার
১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে ব্যবসায়ীকে ডেকে মারধরের অভিযোগ

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ১৩ জুলাই ২০২৬, ০৪:৩৮ এএম আপডেট : ১৩ জুলাই ২০২৬, ০৫:০২ এএম
অভিযুক্ত আব্দুস সালাম প্রিন্স
expand
অভিযুক্ত আব্দুস সালাম প্রিন্স

রাজধানীর চকবাজারে ডেকে নিয়ে এক ব্যবসায়ীর মোবাইল ফোন ছিনিয়ে, হাত-পা বেঁধে মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে এক ই-কমার্স প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে।

সোমবার (০৬ জুলাই) অভিযুক্ত আব্দুস সালামের চকবাজারের অফিসে এই ঘটনা ঘটে। ঘটনার পর ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

ভুক্তভোগী ব্যবসায়ীর লিখিত অভিযোগ ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ব্যবসায়িক সূত্রে আব্দুস সালাম প্রিন্স তাকে চীনের একজন সরবরাহকারীর (সাপ্লায়ার) সঙ্গে পরিচয় করিয়ে দেন। পরে তিনি ওই সরবরাহকারীর কাছ থেকে তুলনামূলক কম দামে পণ্য আমদানি শুরু করলে প্রিন্স ক্ষুব্ধ হন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

অভিযোগ অনুযায়ী, ৬ জুলাই অন্য একটি কাজের কথা বলে তাকে চকবাজারের কার্যালয়ে ডেকে নেওয়া হয়। সেখানে পৌঁছানোর পর তার মোবাইল ফোন কেড়ে নেওয়া হয় এবং হাত-পা বেঁধে কয়েকজন মিলে মারধর করেন। একপর্যায়ে তিনি অজ্ঞান হয়ে পড়েন। পরে জ্ঞান ফেরার পর তাকে মোটরসাইকেলে তুলে দিয়ে ঘটনাটি কাউকে না জানানোর জন্য প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করা হয়েছে।

জানা গেছে, অভিযুক্ত আব্দুস সালাম প্রিন্স ‘লন্ডন বাজার’ নামে একটি ই-কমার্স প্রতিষ্ঠান পরিচালনা করেন। তার বিরুদ্ধে এর আগেও বিভিন্ন ব্যক্তির সঙ্গে প্রতারণা ও অসদাচরণের অভিযোগ উঠেছিল।

এ বিষয়ে বক্তব্য জানতে আব্দুস সালাম প্রিন্সের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মাহফুজুল হক বলেন, ভুক্তভোগীর পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। অভিযোগের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS Spain
Scheduled
15 Jul, 01:00 AM
VS
World Cup