

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১১ কেজি ৮০০ গ্রাম উন্নত জাতের গাঁজাসহ এক ভারতীয় নাগরিককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
শুক্রবার (২৪ জুলাই) বিকেলে বিমানবন্দরের আগমনী হলের গ্রীন চ্যানেলে কাস্টমস তল্লাশির সময় তাকে আটক করা হয়।
আটক ব্যক্তির নাম মো. জুলফিকার মোল্লা (৩৩)। তিনি ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার রাজারহাট এলাকার বাসিন্দা।
ডিএনসির হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সার্কেলের সহকারী পরিচালক ড. মো. আবু সাঈদ মিয়া জানান, গোপন তথ্যের ভিত্তিতে ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ের একটি বিশেষ দল বিমানবন্দরের গ্রীন চ্যানেলে অবস্থান নেয়। পরে ব্যাংকক থেকে থাই এয়ারওয়েজের টিজি-৩২১ ফ্লাইটে আসা জুলফিকার মোল্লাকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়।
তিনি জানান, পরে বিমানবন্দর কর্তৃপক্ষ ও সাক্ষীদের উপস্থিতিতে ওই ব্যক্তির ট্রাভেল ট্রলি ব্যাগ তল্লাশি করা হয়। এ সময় ব্যাগের ভেতরে কাপড়ের নিচে লুকিয়ে রাখা ২১টি পলিথিন প্যাকেট থেকে ১১ কেজি ৮০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
অভিযানের সময় তার কাছ থেকে একটি ভারতীয় পাসপোর্ট, একটি বোর্ডিং কার্ড এবং জিও ইন্ডিয়ার সিম সংযুক্ত একটি ওপ্পো ব্র্যান্ডের স্মার্টফোন জব্দ করা হয়েছে।
ডিএনসি কর্মকর্তা জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় বিমানবন্দর থানায় মামলা করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জুলফিকার জানিয়েছেন, বাংলাদেশে কয়েক দিন অবস্থানের পর তার ভারতে ফিরে যাওয়ার পরিকল্পনা ছিল। তবে উদ্ধার হওয়া মাদক কোথা থেকে সংগ্রহ করা হয়েছে এবং এর সঙ্গে আর কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।