রবিবার
১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

টানা বৃষ্টিতে দিনমজুরদের আহাজারি

সাইফুল্লাহ আমান
প্রকাশ : ১২ জুলাই ২০২৬, ০৬:৩৭ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

টানা বৃষ্টিতে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন দৈনিক আয়ের ওপর নির্ভরশীল দিনমজুররা। কাজ না থাকায় অনেকের সংসারে নেমে এসেছে অনিশ্চয়তা। অন্যদিকে সরবরাহ সংকটে বেড়েছে মাছ ও সবজির দাম, যা নিম্ন ও মধ্যবিত্তের ভোগান্তি আরও বাড়িয়েছে।

জামালপুরের ইসলামপুর উপজেলার বাসিন্দা আমিরুল মুন্সী কাজের সন্ধানে ঢাকায় এসেছেন। গ্রামে স্ত্রী, ছয় ও তিন বছর বয়সী দুই সন্তান, বাবা-মা ও ভাই-বোনসহ আট সদস্যের পরিবার তার।

পরিবারের দায়িত্ব কাঁধে নিয়ে রাজধানীতে এলেও স্থায়ী কোনো চাকরি জোটেনি তার। তাই ঢাকা কাস্টমস হাউসের সামনে একটি ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং (সিএন্ডএফ) প্রতিষ্ঠানে দৈনিক মজুরির ভিত্তিতে কাজ করতেন। প্রতিদিন এক হাজার টাকা আয় হলেও টানা বৃষ্টিতে গত দুই দিন ধরে কাজ বন্ধ। ফলে বন্ধ হয়ে গেছে আয়ের পথও।

আমিরুল বলেন, ‘দুই দিন ধরে কোনো কাজ নেই। বাড়িতে টাকা পাঠাতে পারিনি। নিজেরও ঠিকমতো খাওয়া হচ্ছে না।’

তবে এমন পরিস্থিতি শুধু আমিরুলের নয়। তার মতো আরও শত শত শ্রমিক এখন কর্মহীন। সিএন্ডএফ প্রতিষ্ঠানের কাজ কমে যাওয়ায় অনেক দিনমজুর অলস সময় কাটাতে বাধ্য হচ্ছেন।

গত দুই দিন ধরে সারা দেশে স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টিপাত হয়েছে। রাজধানীর বিভিন্ন সড়কে পানি জমে যান চলাচল ব্যাহত হচ্ছে। ফলে ব্যবসা-বাণিজ্য, নির্মাণকাজসহ বিভিন্ন খাতে নেতিবাচক প্রভাব পড়েছে।

আবহাওয়া নিয়ে কাজ করা গবেষকদের তথ্যমতে, শনিবার (১১ জুলাই) ও রোববার ঢাকায় ১১৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সোমবার ও মঙ্গলবারও বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। এরপর পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে।

এদিকে টানা বৃষ্টির কারণে কাজ না থাকায় দিশেহারা দিনমজুররা। প্রতিদিনের আয়ে যাদের সংসার চলে, তাদের অনেকেই এখন খাবার জোগাড় নিয়েই দুশ্চিন্তায় পড়েছেন।

ঢাকায় দৈনিক ভিত্তিতে রাজমিস্ত্রীর কাজ করা মনিরুল ইসলাম এনপিবি নিউজকে বলেন, ‘আমি দীর্ঘ নয় বছর ধরে ঢাকায় আছি। বাড়ি শেরপুর জেলার সরিষাবাড়ী উপজেলায়। শুরু থেকেই রাজমিস্ত্রির কাজ করি। ঢাকায় এত ভবন নির্মাণ হয় যে কাজের অভাব হয় না। তাই কোনো চাকরিতে যাইনি। চাকরির চেয়ে দৈনিক কাজ করে বেশি আয় হয়। কিন্তু গত পাঁচ-সাত দিন ধরে কোনো কাজ নেই। আল্লাহর রহমতে আমি কোনোভাবে চলতে পারছি। কিন্তু আমার সঙ্গে কাজ করা অনেক নতুন মানুষ ঢাকায় এসেছে। তাদের অনেকেরই খাবারের টাকাও নেই। আর কাজ না করলে ঠিকাদার বা কোম্পানিও টাকা দেবে না।’

আরও দুই দিন এ অবস্থা চললে অনেকের পরিস্থিতি আরও খারাপ হবে বলে মন্তব্য করেন মনিরুল। তিনি বলেন, ‘ঢাকায় যারা কাজের জন্য আসে, তারা বেশির ভাগই বস্তিতে থাকে। প্রতিদিনের আয় দিয়ে প্রতিদিন খাবার কিনে খেতে হয়। তাই কাজ না থাকলে অনেকেরই খাবার জোটে না। এ কারণে অসুস্থ থাকলেও অনেকে কাজে যায়। এখন বৃষ্টিতে কাজ বন্ধ থাকায় তারা সবচেয়ে বেশি বিপদে পড়েছে।’

মাছ-সবজির দামে নাকাল মধ্যবিত্ত

টানা বৃষ্টি ও দেশের বিভিন্ন অঞ্চলে বন্যার কারণে রাজধানীতে শাকসবজির সরবরাহ কমে গেছে। চট্টগ্রাম, সিলেট, নেত্রকোনা, জামালপুর ও শেরপুরসহ বিভিন্ন এলাকা থেকে পর্যাপ্ত পণ্য না আসায় বাজারে বেড়েছে সবজির দাম।

রাজধানীর কারওয়ান বাজার, কাঁঠালবাগান ও হাতিরপুল কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, গত সপ্তাহের তুলনায় অধিকাংশ সবজির দাম কেজিপ্রতি ১০ থেকে ৩০ টাকা পর্যন্ত বেড়েছে।

গত সপ্তাহে ৫০ টাকা কেজি বিক্রি হওয়া বেগুন এখন ৭০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। পটলের দাম বেড়ে হয়েছে ৬০ টাকা কেজি। করলা বিক্রি হচ্ছে ৭৫ থেকে ৮০ টাকা কেজি দরে।

বেড়েছে মাছের দাম

টানা বৃষ্টির কারণে অনেক এলাকায় মাছ ধরা ও পরিবহন ব্যাহত হচ্ছে। এর প্রভাব পড়েছে মাছের বাজারেও। গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে মাছের দাম ২০ থেকে ৮০ টাকা পর্যন্ত বেড়েছে।

রাজধানীর কারওয়ান বাজারের মাছ ব্যবসায়ী আল-আমিন এনপিবি নিউজকে বলেন, ‘মাছের সরবরাহ কমে গেছে। বাজারে পর্যাপ্ত মাছ আসছে না। এ কারণেই দাম বেড়েছে। বৃষ্টি কমে গেলে আবার মাছ আসা শুরু হবে। তখন দামও কমে যাবে।’

দাম কতটা বেড়েছে জানতে চাইলে তিনি বলেন, ‘গত সপ্তাহে বড় রুই মাছ ৩৫০ থেকে ৩৮০ টাকায় বিক্রি করেছি। এখন ৪৫০ টাকা কেজি বিক্রি করছি। পাঙ্গাস ও তেলাপিয়ার বড় সরবরাহ আসে ময়মনসিংহ থেকে। সেখান থেকে মাছ কম আসায় সব ধরনের মাছের দাম বেড়েছে।’

মাছ ও সবজির বাড়তি দামে অসহায়ত্বের কথা জানান বেসরকারি চাকরিজীবী খাদিমুল ইসলাম। তিনি বলেন, ‘গত মাসে বিদ্যুতের দাম বেড়েছে। গ্যাসের সিলিন্ডারের দাম তো আগেই বেশি। এর মধ্যে বৃষ্টির কারণে সবজি ও কাঁচাবাজারের দামও অনেক বেড়ে গেছে। গত দুই দিন মাছই কিনিনি। এভাবে কীভাবে চলব বুঝতে পারছি না। তবে একটা বিষয় স্বস্তির, ডিমের দাম এখনো তেমন বাড়েনি।’

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS Spain
Scheduled
15 Jul, 01:00 AM
VS
World Cup