রবিবার
১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জলাবদ্ধতা নিরসনে সক্রিয় ডিএসসিসি, সরেজমিনে প্রশাসক আবদুস সালাম

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১২ জুলাই ২০২৬, ০৬:৩৪ পিএম আপডেট : ১২ জুলাই ২০২৬, ০৬:৩৬ পিএম
expand
জলাবদ্ধতা নিরসনে সক্রিয় ডিএসসিসি, সরেজমিনে প্রশাসক আবদুস সালাম

টানা ভারী বর্ষণে রাজধানীতে সৃষ্ট জলাবদ্ধতা ও যানজট নিরসনে ভোর থেকেই মাঠে নেমেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।

রবিবার (১২ জুলাই) দুপুরে নীলক্ষেত এলাকায় উপড়ে পড়া গাছ অপসারণ করে সড়ক সচল করতে সরেজমিনে অবস্থান নেন কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আবদুস সালাম।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাজধানীতে সর্বশেষ ৬ ঘণ্টায় ৭৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা চলতি মাসের সর্বোচ্চ। সারাদিনই ঢাকাসহ বিভিন্ন স্থানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে সংস্থাটি।

জলাবদ্ধতা দ্রুত নিরসনে কমলাপুরের ২টি ও ধোলাইখালের ১টি উচ্চক্ষমতাসম্পন্ন পাম্প দিয়ে পানি নিষ্কাশন শুরু হয়েছে। একই সঙ্গে রাস্তার নিষ্কাশন মুখ পরিষ্কারে ইমারজেন্সি রেসপন্স টিম ভোর থেকে নিরলস কাজ করছে।

আজ দুপুর সাড়ে ১২টার দিকে নীলক্ষেত সংলগ্ন আজিমপুরে ইডেন কলেজের ২ নম্বর গেটের বিপরীতে একটি বড় গাছ উপড়ে পড়ে সড়ক বন্ধ হয়ে যায়। খবর পেয়ে প্রশাসক আবদুস সালাম তাৎক্ষণিক ঘটনাস্থলে ছুটে যান এবং হাঁটু পানিতে দাঁড়িয়ে কর্মীদের নির্দেশনা দেন। তাঁর তদারকিতে বেলা ১টার মধ্যে গাছ অপসারণ করা হলে যান চলাচল স্বাভাবিক হয়।

সকাল থেকেই প্রশাসক প্রধান সড়ক ও গলিপথ পরিদর্শন এবং পানি নিষ্কাশন কার্যক্রম তদারকি করছেন। তিনি বলেন, "সাময়িক জলাবদ্ধতা তৈরি হলেও আমাদের কর্মীরা ভোর থেকেই পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে আছেন। নগরজীবন স্বাভাবিক রাখতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।"

নাগরিকদের ধৈর্য ধারণের অনুরোধ জানিয়ে তিনি বলেন, "ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সবসময় আপনার পাশে আছে।"

কর্তৃপক্ষ ওয়াসা, ডিপিডিসি, তিতাসসহ বিভিন্ন সংস্থার খননকাজের গর্ত ও ত্রুটিপূর্ণ বৈদ্যুতিক সংযোগ এড়িয়ে সতর্কভাবে চলাচলের জন্য নগরবাসীর প্রতি অনুরোধ জানিয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS Spain
Scheduled
15 Jul, 01:00 AM
VS
World Cup