সোমবার
০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

হানিট্র্যাপে ফাঁসিয়ে ব্ল্যাকমেইল, ২ নারীসহ সংঘবদ্ধ চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ০৬ জুলাই ২০২৬, ০২:১১ পিএম আপডেট : ০৬ জুলাই ২০২৬, ০২:৫৭ পিএম
গ্রেফতারকৃত আসামিরা
expand
গ্রেফতারকৃত আসামিরা

রাজধানীতে হানিট্র্যাপের মাধ্যমে ব্ল্যাকমেইল করে অর্থ আদায়ের অভিযোগে সংঘবদ্ধ একটি চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (৬ জুলাই) রাজধানীর মিন্টো রোডে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

এর আগে গত শুক্র ও শনিবার রাজধানীর সবুজবাগ, বাড্ডা ও খিলগাঁও এলাকায় ধারাবাহিক অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে ডিএমপির ডিবি-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগ।

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. আনোয়ার হোসেন (৪৫), বদিউজ্জামান শাহীন (৪৫), মরিয়ম (৪৯), শাহাদাত হোসেন (৫৮) ও উর্মী বেগম (৩৯)। এসময় তাদের কাছ থেকে ৯টি মোবাইল ফোন, ১ টি ওয়াকিটকি ও নগদ ৪ হাজার টাকা উদ্ধার করা হয়।

সংবাদ সম্মেলনে ডিএমপি জানায়, একটি বেসরকারি আর্থিক প্রতিষ্ঠানের একজন ঋণ বিতরণকারী কর্মকর্তাকে ফাঁদে ফেলে চক্রটি। এরপর ধাপে ধাপে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলে ফ্ল্যাটে নিয়ে আপত্তিকর ছবি ও ভিডিও করে চক্রের সদস্যরা।

ভুক্তভোগীর মোবাইল ফোন-নগদ টাকাও হাতিয়ে নেয় তারা। চক্রটি তিন লাখ টাকা দাবি করলে অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে ১ লাখ ১০ হাজার টাকা হাতিয়ে নেয়।

এ ঘটনায় ভুক্তভোগী ওই ব্যক্তি রাজধানীর খিলগাঁও থানায় গত ২২ জুন মামলা দায়ের করেন। মামলার তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ডিবি-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগের একটি আভিযানিক দল তাদের গ্রেফতার করে।

গ্রেপ্তারদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় মামলা রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

মামলার সাথে জড়িত অন্যান্য ব্যক্তি, অপরাধ সংঘটনের কৌশল এবং সম্ভাব্য আরও ভুক্তভোগীকে শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Portugal VS Spain
Scheduled
07 Jul, 01:00 AM
VS
World Cup